দুদকে পদোন্নতির খসড়া চূড়ান্ত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) অর্ধশতাধিক কর্মকর্তার পদোন্নতির ক্ষেত্রে জ্যেষ্ঠতার পাশাপাশি দক্ষতা ও যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার সচিব আবু মো. মোস্তফা কামাল। বিভাগীয় পদোন্নতি কমিটির (ডিপিসি) সভা শেষে তিনি এ তথ্য জানান।
আজ বুধবার দুদক কার্যালয়ে ডিপিসির সভাপতি ও সংস্থার সচিব আবু মো. মোস্তফা কামালের সভাপতিত্বে ডিপিসির মুলতবি সভা হয়। সভায় পদোন্নতির বিষয়ে কমিটির সুপারিশ চূড়ান্ত হয়েছে। শিগগিরই কমিশনের সভায় ডিপিসির সুপারিশ উপস্থাপন করা হবে এবং সেখানেই পদোন্নতির বিষয়টি অনুমোদন হবে। প্রসঙ্গত দুদক চেয়ারম্যান মো. বদিউজ্জামান বর্তমানে রাশিয়ায় রয়েছেন। সেখান থেকে তিনি ফিরবেন ৯ নভেম্বর। তাঁর ফেরার পরই কমিশনের বৈঠক হবে।
দুদক সচিব বলেন, ‘ডিপিসির বৈঠকে পদোন্নতির বিষয়ে একটি খসড়া তালিকা তৈরি হয়েছে। বর্তমানে সভার কার্যবিবরণী তৈরির কাজ চলছে।'
পাঁচ সদস্যের ডিপিসিতে দুদকের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার প্রতিনিধি, দুদক মহাপরিচালক (প্রশাসন), মহাপরিচালক (আইন), দুদক পরিচালক (সংস্থাপন) পদাধিকার বলে সদস্য। দুদিনের বৈঠকেই মন্ত্রিপরিষদ বিভাগের প্রতিনিধি উপস্থিত ছিলেন না।
বৈঠক সূত্র জানায়, দুদকে বর্তমানে পরিচালকের চারটি পদ খালি রয়েছে। ডিসেম্বরে আরেক পরিচালক অবসর পূর্ব ছুটিতে গেলে আরেকটি পদ খালি হবে। সে হিসেবে চারটি পদে পদোন্নতির জন্য সুপারিশ করা হবে। পরে আরেকটি পদ খালি হলে সে পদে আরেকজনকে যাতে নিয়োগ করা যায় সে জন্য সুপারিশ করা হতে পারে।
উপপরিচালকের শূন্য আটটি পদের চারটি ইতিমধ্যেই কোটায় পদোন্নতি প্রদানের মাধ্যমে পূরণ করা হয়েছে। বাকি চারটি পদের বিষয়ে সুপারিশ করবে ডিপিসি। সহকারী পরিচালকের শূন্য পদের সংখ্যা ২৮ টি। তবে আগের ডিপিসি ২৪টি পদে পদোন্নতির সুপারিশ করেছিল। সেগুলো সমন্বয় করেই পদোন্নতির সুপারিশ করা হবে বলে জানা গেছে। অন্যদিকে উপসহকারী পরিচালক পদে পদোন্নতির বিষয়ে কিছু জটিলতা থাকায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
দুদক সূত্র জানায়, বর্তমান ডিপিসি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কৌশলী ভূমিকা নিচ্ছে। তারা কমিশনের ‘অভিপ্রায়কে’ গুরুত্ব দিয়ে একটি পদের বিপরীতে একাধিক কর্মকর্তার নাম প্রস্তাব করছেন বলে জানায় সূত্রটি।
এ বিষয়ে জানতে চাইলে দুদক সচিব কোনো মন্তব্য করতে চাননি। তিনি বলেন, জ্যেষ্ঠতার পাশাপাশি দক্ষতা ও যোগ্যতাকে প্রাধান্য দিয়ে পদোন্নতির সুপারিশ করবে ডিপিসি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত কমিশনের।
ডিপিসির এ বৈঠকের মাধ্যমে দুদকের অর্ধশতাধিক কর্মকর্তার পদোন্নতির জটিলতা কমেছে। দীর্ঘদিন ফাইলবন্দি থাকার আবারও পদোন্নতির বিষয়টি আলোর মুখ দেখেছে।
সূত্র মতে, চলতি বছরের ১০ মে ডিপিসির বৈঠকের পর সাবেক সচিব মাকসুদুল হাসান খানের সঙ্গে বিরোধ তৈরি হয় কমিশনের। এই বিরোধের জের ধরে পদোন্নতির বিষয়টি আটকে যায়। এ মতবিরোধের কারণে কমিশন শেষ পর্যন্ত ওই সচিবকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে পরদিনই ১১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠান দুদক চেয়ারম্যান বদিউজ্জামান। সচিব প্রত্যাহার চেয়ে পাঠানো চিঠিতে সচিবের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি, কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, কাজে উদাসীনতা, অনাগ্রহ, কোনো কোনো ক্ষেত্রে অবাধ্যতা ও কমিশনের কাজে বিঘ্ন সৃষ্টির অভিযোগ আনা হয়। কমিশনের ওই চিঠি পাওয়ার দীর্ঘদিন পর ১১ অক্টোবর মাকসুদুল হাসানকে বদলি করে আবু মো. মোস্তফা কামালকে দুদক সচিব নিয়োগ দেওয়া হয়। আর দীর্ঘ সময় ধরে দুদক কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি ফাইলবন্দি ছিল।