দুদকে ফিরোজ রশীদ: বাড়ি বেদখলের অভিযোগ অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে বাড়ি বেদখলের অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় পার্টির নেতা ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ। আজ বৃহস্পতিবার সকালে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
তাঁর বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী আজ সকাল ১০টায় কাজী ফিরোজ রশীদকে দুদকে হাজির হতে তলবি নোটিশ পাঠান। গতকাল বুধবার রাতে ফিরোজ রশীদ প্রথম আলোকে জানিয়েছিলেন, তিনি দুদকে যাচ্ছেন না। তিনি তাঁর বক্তব্য পাঠিয়ে দেবেন।
কিন্তু আজ সকালেই সশরীরে হাজির হন দুদক কার্যালয়ে। উপপরিচালক জুলফিকার আলী সকাল ১০টা থেকে তাঁর বক্তব্য নেন। বেলা সাড়ে ১২টার দিকে বেরিয়ে যান ফিরোজ রশীদ। দুদক কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন, যে বাড়িটি নিয়ে অভিযোগ উঠেছে সেটা তিনি আইনি প্রক্রিয়ায় পেয়েছেন। এ বিষয়টি উচ্চ আদালতে এখনো বিচারাধীন। আদালতে যে সিদ্ধান্ত হয় সেটাই মেনে নেবেন বলে জানান ফিরোজ রশীদ।
দুদক সূত্র জানিয়েছে, রাজধানীর ধানমন্ডি ২ নম্বর রোডে অবস্থিত এক বিঘা আয়তনের পুরাতন ৭০ এবং নতুন ১০ নম্বর প্লটটি ভুয়া দাতা সাজিয়ে কাজী ফিরোজ রশীদ বেদখল করেছেন বলে দুদকের কাছে অভিযোগ আসে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বছরের ৮ মার্চ অনুসন্ধান শুরু করে দুদক। বাড়িটি তৎকালীন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর নামে। মোহাম্মদ আলীর ছেলে মাহমুদ আলীর তত্ত্বাবধানে থাকা অবস্থায় তাঁর চাচাতো ভাইয়ের স্ত্রী সাফিয়া আলী নিজ দখলি সম্পত্তি দাবি করে জাল কাগজপত্র তৈরি করে কাজী ফিরোজ রশীদের কাছে বাড়িটি হস্তান্তর করেন বলে অভিযোগ আসে।
অন্যদিকে কাজী ফিরোজ রশীদের দাবি, ওই বাড়ির মালিকানা তিনি আইনি প্রক্রিয়ায় পেয়েছেন। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই।