দুদকে বক্তব্য দিলেন কাজী ফিরোজ রশীদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে বাড়ি দখলের অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় পার্টির নেতা ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ। গতকাল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনে (দুদক) জিজ্ঞাসাবাদ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘অবৈধভাবে বাড়িটি দখল নেওয়ার ইচ্ছে থাকলে মন্ত্রিত্ব থাকাকালেই তা করতাম।’
অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী গতকাল সকাল ১০টায় কাজী ফিরোজ রশীদকে দুদকে হাজির হতে তলবি নোটিশ পাঠান। গত বুধবার রাতে ফিরোজ রশীদ প্রথম আলোকে বলেছিলেন, তিনি দুদকে যাচ্ছেন না। তিনি তাঁর বক্তব্য পাঠিয়ে দেবেন।
তবে গতকাল সকালে কাজী ফিরোজ রশীদ দুদকের প্রধান কার্যালয়ে যান। উপপরিচালক জুলফিকার আলী সকাল সাড়ে ১০টা থেকে তাঁর বক্তব্য নেন। দুপুর সাড়ে ১২টার দিকে সেখান থেকে বেরিয়ে আসেন ফিরোজ রশীদ। দুদক কার্যালয়ের সামনে তিনি সাংবাদিকদের বলেন, ‘দুদক কাগজপত্র চেয়েছিল। এ জন্য কাগজপত্র নিয়ে এসেছি। এ বিষয়ে তাঁরা সিদ্ধান্ত নেবেন।’ তিনি দাবি করেন, যে বাড়িটি নিয়ে অভিযোগ উঠেছে, সেটা তিনি আইনি প্রক্রিয়ায় পেয়েছেন।
বাড়িটিতে তিনি অবৈধ দখলদার কি না—সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে ফিরোজ রশীদ বলেন, ‘বাড়ির মালিকেরা আমার বিরুদ্ধে মামলা করেছেন। সাব-জুডিশিয়াল কোর্ট এ মামলায় আমার পক্ষে রায় দেন। পরবর্তীতে মালিকপক্ষ আবার আপিল করে। ফলে বিষয়টি এখনো বিচারাধীন। এ কারণে আমি এ ব্যাপারে আর কিছু বলতে চাচ্ছি না।’
দুদক সূত্র বলেছে, ধানমন্ডি ২ নম্বর রোডে এক বিঘা আয়তনের পুরাতন ৭০ এবং নতুন ১০ নম্বর প্লটটি ভুয়া দাতা সাজিয়ে কাজী ফিরোজ রশীদ বেদখল করেছেন বলে দুদকে অভিযোগ আসে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বছরের ৮ মার্চ অনুসন্ধান শুরু করে দুদক। বাড়িটি ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর নামে। মোহাম্মদ আলীর ছেলে মাহমুদ আলীর তত্ত্বাবধানে থাকা অবস্থায় তাঁর এক আত্মীয় নিজ দখলি সম্পত্তি দাবি করে জাল কাগজপত্র তৈরি করে কাজী ফিরোজ রশীদের কাছে বাড়িটি হস্তান্তর করেন বলে অভিযোগ আসে।
অন্যদিকে কাজী ফিরোজ রশীদের দাবি, ওই বাড়ির মালিকানা তিনি আইনি প্রক্রিয়ায় পেয়েছেন। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই।