দুদকে ব্যাপক বদলি ও পদায়ন
দুর্নীতি দমন কমিশনে (দুদক) বড় পদোন্নতির পাঁচ দিনের মধ্যেই প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের দায়িত্বে ব্যাপক রদবদল করা হয়েছে। আজ রোববার সংস্থার আট পরিচালকসহ ৮৬ জন কর্মকর্তাকে প্রধান কার্যালয়সহ দুদকের বিভিন্ন কার্যালয়ে বদলি করা হয়েছে।
দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আট পরিচালক, ১৬ উপপরিচালক, ৪৫ জন সহকারী পরিচালক ও ১৭ জন উপসহকারী পরিচালক রয়েছেন।
গত ১০ নভেম্বর সংস্থাটিতে রেকর্ড ৫৮ জন কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। এর মধ্যে রয়েছেন পাঁচ পরিচালক, নয় উপপরিচালক, ২৯ জন সহকারী পরিচালক, ১২ জন উপসহকারী পরিচালক ও তিন কোর্ট পরিদর্শক। ওই ধারাবাহিকতায় ৫৮ জন কর্মকর্তাকে পদায়ন ও অন্যদের বদলি করা হয়।
দুদকের ১৯ জন পরিচালকের মধ্যে আটজনকে পদায়ন ও বদলি করা হয়। এঁদের মধ্যে এ কে এম জায়েদ হোসেন খানকে খুলনা বিভাগীয় কার্যালয় থেকে দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক (অনিষ্পন্ন বিষয়াদি ও পরিদর্শন), আবু মোহাম্মদ আরিফ সিদ্দিকীকে বরিশাল বিভাগীয় কার্যালয় থেকে খুলনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, নাসিম আনোয়ারকে অনিষ্পন্ন বিষয়ক ও পরিদর্শন বিভাগ থেকে ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক, মনজুর আহম্মদকে রাজশাহী বিভাগীয় কার্যালয় থেকে প্রধান কার্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব), সদ্য পদোন্নতি পাওয়া আক্তার হোসেনকে বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক, মো. আবু সাঈদকে রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক, মীর মো. জয়নুল আবেদীন শিবলীকে প্রধান কার্যালয়ের পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে বিশেষ অনুসন্ধান তদন্ত-২ বিভাগের পরিচালক এবং শিরীন পারভীনকে প্রধান কার্যালয়ের পরিচালক (গবেষণা ও পরীক্ষণ) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
উপপরিচালকদের মধ্যে মো. নূরুল হক প্রধান কার্যালয়ের দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেল থেকে দুদক সচিবের একান্ত সচিব, সৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহকে কুমিল্লা সমন্বিত জেলা কার্যালয় থেকে প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ শাখায়, শেখ মো. ফানাফিল্যাকে প্রধান কার্যালয়ের পর্যবেক্ষণ ও মূল্যায়ন থেকে প্রশিক্ষণ শাখায়, মোহাম্মদ আবুল কালাম আজাদকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয় থেকে কুমিল্লায়, জাহাঙ্গীর আলমকে বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ থেকে ময়মনসিংহ সমন্বিত জেলা কার্যালয়ে, মো. জাহাঙ্গীর আলমকে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ বিভাগে, মো. মোশারফ হোসেইন মৃধাকে সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ থেকে প্রধান কার্যালয়ের অনুসন্ধান ও তদন্ত-৩ বিভাগে, মাহফুজা খানমকে প্রধান কার্যালয়ের সংস্থাপন থেকে দৈনিক ও সাম্প্রতিক অভিযোগ সেলে, এ বি এম আব্দুস সবুরকে অনিষ্পন্ন বিষয়ক সেল-১ এ, মো. মনজুর আলমকে অনিষ্পন্ন বিষয়ক সেল-২ এ, মো. হেলাল উদ্দিন শরীফকে পর্যবেক্ষণ ও মূল্যায়ন বিভাগে, সৈয়দ আহমেদকে চট্টগ্রাম-২ সমন্বিত জেলা কার্যালয়ে, রফিকুল ইসলামকে সংস্থাপন বিভাগে, আবু বকর সিদ্দিককে সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ, শেখ আবদুস ছালামকে প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এ এবং মো. সামছুল আলমকে প্রধান কার্যালয়ের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-১ এ দায়িত্ব পেয়েছেন।