ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মীদের মধ্যে পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে। সংস্থাটিতে যাঁদের বিরুদ্ধে অভিযোগ আছে, তাঁদের অপসারণ করে নেতৃত্ব পর্যায় থেকে শুরু করে কর্মী পর্যায়ে ব্যাপক সংস্কার করা প্রয়োজন। সেটি করতে পারলে দুদকের ওপর যে দায়িত্ব দেওয়া আছে, সেটি পালন করা সম্ভব হবে।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে এক মানববন্ধনে ইফতেখারুজ্জামান এসব কথা বলেন। ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য—দুর্নীতি রুখবেই’ শীর্ষক এই মানববন্ধনের আয়োজন করে টিআইবি।
ইফতেখারুজ্জামান বলেন, ‘এখন আমাদের সামনে চ্যালেঞ্জ হলো দুর্নীতি প্রতিরোধে আইনি কাঠামো, নীতিমালা ও দুর্নীতিবিরোধী কৌশলগুলোর সঠিক বাস্তবায়ন করা। পাশাপাশি আমরা দুর্নীতি দমন কমিশনকেও আরও বেশি সক্রিয় ও কার্যকর ভূমিকায় দেখতে চাই। কারণ দুদকের কার্যকারিতার বিষয়ে মানুষের প্রত্যাশা এখনো পূরণ হয়নি।’ তিনি বলেন, দুদক একা দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পারে না।