দুদকে ভিডিও কনফারেন্সিং চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কাজে গতিশীলতা আনতে ভিডিও কনফারেন্সিং পদ্ধতি চালু করেছে সংস্থাটি। এখন থেকে দুদকের প্রধান কার্যালয় থেকে জেলা অফিস ও বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে অনলাইনে মতবিনিময় করবেন সংস্থাটির কর্তাব্যক্তিরা। এর মাধ্যমে সংস্থার দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করে সংস্থাটি।

আজ রোববার ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির ব্যবহার শুরু করেছে সংস্থাটি। দুদকের কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ সংস্থার প্রধান কার্যালয়ে এ পদ্ধতির উদ্বোধন করেন। শুরুতে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত সেখানকার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা দুদকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে মতবিনিময় করেন।
এ সময় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) জিয়া উদ্দিন আহমেদ এবং সিস্টেম অ্যানালিস্ট মো. রাজিব হাসান দুদক কার্যালয়ে উপস্থিত ছিলেন। মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা উম্মে আফসারী এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামানসহ দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা ময়মনসিংহ থেকে আলোচনায় যোগ দেন।
কমিশনার নাসিরউদ্দীন আহমেদ এ সময় বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধে তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারে সচেষ্ট রয়েছে। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণশুনানি কার্যক্রমকে আরও গতিশীল করা হবে। তিনি আরও বলেন, সংবিধান অনুযায়ী সকল সময় জনগণের সেবা করার চেষ্টাই প্রজাতন্ত্রের কর্মচারীদের কাজ। নাগরিক সনদ অনুযায়ী মানুষ কতটুকু সরকারি সেবা পাচ্ছে তা গণশুনানির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। দুদকের অন্যতম প্রধান এ নির্বাহী আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা, ভূমি ও বিদ্যুৎ​সহ অন্যান্য সেবা প্রদানে ব্যর্থ কর্মকর্তাদের সামনের দিনগুলোতে গণশুনানির মাধ্যমে জনগণের মুখোমুখি করা হবে।