দুদকে ভিডিও কনফারেন্সিং চালু
কাজে গতিশীলতা আনতে ভিডিও কনফারেন্সিং পদ্ধতি চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এখন দুদকের প্রধান কার্যালয় থেকে জেলা অফিস ও বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে অনলাইনে মতবিনিময় করবেন সংস্থাটির শীর্ষ ব্যক্তিরা। এর মাধ্যমে সংস্থার দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার হবে বলে মনে করে সংস্থাটি।
গতকাল রোববার ভিডিও কনফারেন্সিং প্রযুক্তির ব্যবহার শুরু করেছে দুদক। দুদকের কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ সংস্থার প্রধান কার্যালয়ে এ পদ্ধতির উদ্বোধন করেন। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত সেখানকার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা দুদকের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সিংয়ে মতবিনিময় করেন।
এ সময় দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত) জিয়া উদ্দিন আহমেদ এবং সিস্টেম অ্যানালিস্ট মো. রাজিব হাসান উপস্থিত ছিলেন।