দুদকে মানুষের আস্থা কম: টিআইবি
আইনি কাঠামো অনুসারে দুর্নীতি দমন কমিশন (দুদক) একটি শক্তিশালী প্রতিষ্ঠান হলেও সংস্থাটির কার্যকারিতার ওপর সাধারণ মানুষের আস্থা কম। রাজনৈতিক হয়রানির জন্য দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় বলে মানুষের ধারণা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।
আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে টিআইবির কার্যালয়ে ‘দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠান শক্তিশালীকরণ উদ্যোগ: বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের ওপর পর্যালোচনা’ শীর্ষক ওই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
গবেষণা প্রতিবেদনের ওপর বক্তব্য দিতে গিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘প্রাতিষ্ঠানিকভাবে আইনি স্বাধীনতা ও প্রতিরোধমূলক উদ্যোগসহ ২১টি নির্দেশকে দুদকের স্কোর উচ্চপর্যায়ের হলেও ১৯ টিতে মধ্যম ও ৯ টিতে নিম্ন পর্যায়ের। জনগণের ধারণায় দুদক সবচেয়ে কম স্কোর পেয়েছে, এ থেকে বোঝা যায়, আইনগত দিক দিয়ে প্রাতিষ্ঠানিকভাবে দুদক অনেক শক্তিশালী কিন্তু প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জনগণের ধারণা তলানিতে রয়েছে।’
জানতে চাইলে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘আস্থার সংকটের যে কথা বলা হয়েছে সেটা সত্যি। সে সংকট কাটাতে আমরা কাজ করছি। আমরা কাজের মাধ্যমেই মানুষের আস্থা ফিরিয়ে আনব। এ জন্য সবার সহযোগিতা প্রয়োজন।’
গবেষণায় ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত দুদকের কার্যক্রম অন্তর্ভুক্ত করা হয়েছে। গবেষণায় সার্বিক বিবেচনায় দুদক মধ্যম মাত্রার স্কোর পেয়েছে। ১০০ নম্বরের মধ্যে দুদকের স্কোর ৬১ দশমিক ২২ শতাংশ।
আইনি স্বাধীনতা ও অবস্থান, অর্থ ও মানবসম্পদ, অনুসন্ধান ও তদন্ত কার্যক্রম, প্রতিরোধ, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা, জবাবদিহি ও তদারকি, দুদকের কার্যক্রম সম্পর্কে জনগণের ধারণা—এই সাতটি ক্ষেত্রের অধীনে ৫০টি নির্দেশকের ভিত্তিতে গবেষণা পরিচালিত হয়। এর মধ্যে দুদকের আইনি স্বাধীনতা ও অবস্থান ক্ষেত্রে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ স্কোর (৭৮ দশমিক ৫৭) পেয়েছে। আর দুদকের কার্যক্রম সম্পর্কে জনগণের ধারণা ক্ষেত্রে সবচেয়ে কম স্কোর (২৮ দশমিক ৫৭) পেয়েছে।
কাজের স্বাধীনতা ও নিরপেক্ষতার ক্ষেত্রে দুদক যে স্কোর পেয়েছে, তার ব্যাখ্যায় গবেষণা প্রতিবেদনে বলা হয়, দুদককে পুরোপুরি ‘রাজনৈতিকভাবে নিরপেক্ষ’ মনে করা হয় না। গবেষণা প্রতিবেদনে বলা হয়, ক্ষমতাসীন দলের রাজনীতিবিদদের ব্যাপারে দুদক নমনীয় বলে ধারণা রয়েছে। ২০১৫ সালে দুদকে তদন্তাধীন ৩৬ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে ১৬ জন বিরোধী রাজনৈতিক দলের। আর তিনজন ক্ষমতাসীন দলের।
প্রতিবেদনে বলা হয়, আইনি ক্ষমতা ও কাজের আওতা কাঠামো অনুসারে দুদক খুবই ভালো। প্রতিষ্ঠানটির চাহিদা অনুসারেই সরকারের পক্ষ থেকে বাজেট দেওয়া হচ্ছে এবং সেটা প্রতি বছরই বেড়েছে। প্রতিষ্ঠানটির কর্মীদের স্থিতিশীলতা রয়েছে অর্থাৎ কর্মীদের চাকরি ছাড়ার হার নিম্ন। পাশাপাশি অভিযোগের ভিত্তিতে প্রভাবশালীদের বিরুদ্ধে তদন্তের সদিচ্ছা ও সক্ষমতা রয়েছে। এ ছাড়া দুর্নীতি প্রতিরোধে নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগীদের সঙ্গে যৌথ উদ্যোগ গ্রহণ, আন্তর্জাতিক নেটওয়ার্কে অংশগ্রহণসহ নানা বিষয়ে দুদকের ইতিবাচক সক্ষমতা ও সাফল্য রয়েছে।
প্রতিষ্ঠানটির দুর্বলতার ক্ষেত্রে যে বিষয়গুলো প্রতিবেদনে উঠে এসেছে তার মধ্যে রয়েছে—উন্নয়ন, তদন্ত ও মামলায় আইনজীবী নিয়োগের ক্ষেত্রে বাজেটের অভাব, প্রতিরোধ কার্যক্রমে উন্নয়ন সহযোগীদের ওপর নির্ভরশীলতা, তদন্ত কার্যক্রমে দক্ষতা ও পেশাদারির অভাব, দুর্নীতি মামলায় নিম্ন শাস্তির হার, স্বাধীন তদারকির অভাব, অন্যান্য শুদ্ধাচার প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের ঘাটতি। প্রধান দুর্বলতার মধ্যে প্রতিষ্ঠানটির কার্যকারিতা নিয়ে জনগণের নেতিবাচক ধারণা ও অনাস্থা।
টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, এ গবেষণায় বেশির ভাগই ইতিবাচক ফল। যার ফলে আমরা অনেক দিন পর নিশ্বাস ফেলার সুযোগ পেয়েছি। তিনি বলেন, ‘সমাজে যদি দুর্নীতি প্রতিরোধ না হয়, যথাযথ আইনি প্রক্রিয়ায় দুর্নীতির বিচার না হয় তবে মানুষের মধ্যে একধরনের মরিয়া ভাব চলে আসে। সমাজে অস্থিরতা তৈরি হয়। এতে মানুষ আইন নিজের হাতে তুলে নিতে চায়। মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা তৈরি হয়। তাই দুদকের অনেক সফলতার পরও মানুষের মধ্যে আস্থা তৈরি করতে না পারাটা দুঃখজনক। মানুষের মধ্যে এই আস্থাটা তৈরি করতে হবে যে, দুদক আছে তাই দুর্নীতি হবে না।’
প্রভাবশালীদের দায়মুক্তি দেওয়া, প্রতিষ্ঠানটির ওপর রাজনৈতিক হস্তক্ষেপ সম্পর্কে প্রচুর তথ্য গণমাধ্যমে নিয়মিত প্রকাশ হওয়া এবং এ বিষয়ে সুনির্দিষ্ট প্রচুর তথ্য থাকা স্বত্বেও গবেষণায় এ বিষয়ে কোনো তথ্য না আসা প্রসঙ্গে সাংবাদিকেরা প্রশ্ন তোলেন। এ প্রসঙ্গে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘গবেষণাটি আন্তর্জাতিক কিছু নির্দেশকের ভিত্তিতে করা হয়েছে। তা ছাড়া অনেক অভিযোগ আমরা পেয়েছি, কিন্তু তথ্যপ্রমাণের অভাবে সেগুলো গবেষণায় সংযোজন সম্ভব হয়নি। শুধু তথ্যপ্রমাণ ও সুনির্দিষ্ট নির্দেশকের ভিত্তিতে দুদকের কার্যক্রম মধ্যম মানের বলে প্রতীয়মান হয়েছে।’
দুদকের নানা দুর্বলতা কাটিয়ে দুর্নীতি দমনে এর কার্যকারিতা বাড়াতে ১১ দফা সুপারিশ তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। এর মধ্যে রয়েছে-দুদকের বাজেট বৃদ্ধি, সাংগঠনিক কাঠামো ও জনবল বৃদ্ধির বিষয়ে পুনর্বিবেচনা, চেয়ারম্যান ও কমিশনারদের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো, অভিযোগ দাখিল ব্যবস্থায় আধুনিকায়ন ও তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো, দুর্নীতির মামলায় শাস্তির হার বাড়াতে ব্যবস্থা নেওয়া, স্বাধীন তদারকি ব্যবস্থার উদ্যোগ গ্রহণ এবং ইতিবাচক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা বাড়ানো।
প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপ-নির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামানসহ অন্য গবেষকেরা।