দুদকে যাওয়ার পর হলফনামা ভুল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের দাবি, হলফনামায় তাঁর স্ত্রীর সম্পদের হিসাবে ভুল। সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমানও বলেছেন, তিনি হলফনামায় দশমিক দিতে ভুলে গেছেন। আবার ঢাকার সাংসদ আসলামুল হক বলেছেন, তাঁর আয়কর উপদেষ্টার ভুলে নির্বাচন কমিশনের হলফনামায় দশমিক ছাড়াই তথ্য লেখা হয়েছে।
অর্থাৎ, দুর্নীতি দমন কমিশন (দুদক) হলফনামা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়ার পরেই সরকারি দলের এই তিন সাংসদের হলফনামায় বড় বড় ‘ভুল’ ধরা পড়ছে। তবে দুদক বলছে, হলফনামার ভুল নয়, সাংসদদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ নিয়েই তদন্ত করছে তারা।
গণপ্রতিনিধিত্ব আদেশের ৯১-ই ধারা অনুযায়ী, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে তাঁর মনোনয়নপত্র বাতিল হয়ে যাবে। তবে কোনো সদস্য নির্বাচিত হওয়ার পর হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন বলে ধরা পড়লে তাঁর সদস্যপদ বাতিল হবে কি না, সে বিষয়ে আইনে কিছু স্পষ্ট বলা নেই।
যে কারণে ২০০৮ সালে সালাউদ্দিন কাদের চৌধুরী ও এ বি এম রুহুল আমিন হাওলাদার হলফনামায় মিথ্যা তথ্য দিলেও কমিশন তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। রুহুল আমিন হাওলাদারের বিষয়টি নিয়ে আদালতে মামলা চললেও এখনো তার নিষ্পত্তি হয়নি।
এই অভিজ্ঞতার আলোকে এ টি এম শামসুল হুদার নেতৃত্বাধীন সাবেক কমিশন আইন সংশোধনের প্রস্তাব করে বলেছিলেন, কোনো সদস্য নির্বাচিত হওয়ার পরও হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন প্রমাণিত হলে কমিশন তাঁর সদস্যপদ বাতিল করতে পারবে। কিন্তু কাজী রকিব উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন দায়িত্ব নেওয়ার পর শামসুল হুদা কমিশনের প্রস্তাবটি বাতিল করে দেয়। যে কারণে যেসব নির্বাচিত সাংসদ হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন, কমিশনের পক্ষে তাদের সদস্যপদ বাতিল করা সম্ভব হবে না। তবে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের মতে, কমিশন চাইলে এসব সাংসদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিতে পারে। কিন্তু কমিশনের কর্মকাণ্ডে সেই রকম কোনো আলামত নেই।
তবে দণ্ডবিধির ১৮১ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি হলফ, শপথ বা অঙ্গীকার করে কোনো সরকারি কর্মকর্তার কাছে তথ্য বা বিবৃতি দেওয়ার পর তা মিথ্যা প্রমাণিত হলে সেই ব্যক্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন। তাঁর বিরুদ্ধে জরিমানাও আরোপ করা যাবে।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার প্রথম আলোকে বলেন, ‘একবার ম্যাজিস্ট্রেটের সামনে হলফ করে তথ্য দিয়ে, পরে তা ভুল বলা হলে সেটি দণ্ডনীয় অপরাধ। দুদক যে সাত সাংসদের বিষয়ে অনুসন্ধান করছে, তাঁদের মধ্যে তিনজন এই অজুহাত তুলেছেন। এখন দেখার বিষয়, অন্য সাংসদদের হলফনামায় এ রকম কতগুলো ভুল রয়েছে? তিনি বলেন, দুঃখের বিষয়, আইন প্রণেতারাই আইন ভঙ্গকারীতে পরিণত হয়েছেন।’
তবে দুর্নীতি দমন কমিশন (দুদক) এসব ভুলভ্রান্তি বা দশমিক বিভ্রাট নিয়ে মাথা ঘামাচ্ছে না। দুদক কর্তৃপক্ষ বলছে, হলফনামায় কে ভুল করেছে বা কে করেনি, সেটা তারা দেখবে না। তাদের কাজ শুধু ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য খুঁজে বের করা। যদিও সংশ্লিষ্টরা বললেন, শেষ পর্যন্ত সরকারি দলের এসব সাংসদের বিরুদ্ধে দুদক শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সেটিও দেখার বিষয়। কারণ, অতীতে দেখা গেছে, সরকারি দলের রাজনৈতিক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কোনো দুর্নীতি বা অনিয়ম দুদক খুঁজে পায় না।
আ ফ ম রুহুল হক হলফনামায় ভুল প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘দশম জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় হলফনামা পূরণের ক্ষেত্রে অসাবধানতাবশত ও অনিচ্ছাকৃতভাবে ৩০ জুন ২০১৩ তারিখ পর্যন্ত আমার স্ত্রীর ব্যাংক স্থিতি ৪৫ লাখ ১৭ হাজার ৯৯২ টাকার জায়গায় সাত কোটি ৫৩ লাখ ১১ হাজার ২৪০ টাকা উল্লেখ করেছিলাম। সেটা পরে জেলা রিটার্নিং অফিসারের কাছে সঠিক তথ্য দিয়ে ভুল সংশোধনের জন্য জমা দিয়েছি ও এফিডেভিটের মাধ্যমে সংশোধনও করেছি।’
এ বিষয়ে দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত সূত্র জানায়, দুদকের জিজ্ঞাসাবাদের সময় তিনি সংশোধিত হলফনামা, তাঁর ও তাঁর স্ত্রীর নামের কিছু জমির দলিল, দুজনের পৃথক নামের আয়কর বিবরণী নিয়ে এসেছেন, সেগুলো সংশ্লিষ্ট দুদক কর্মকর্তার কাছে জমাও দিয়েছেন।
হলফনামায় ‘দশমিক’ দিতে ভুল হয়েছে বলে দাবি করেছেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান। হলফনামা জমা দেওয়ার আড়াই মাস পরে দুদকের জিজ্ঞাসাবাদ শেষে এই সাবেক প্রতিমন্ত্রী বলেন, হলফনামায় দুই হাজার ৮৬৫ একরের জায়গায় ২৮ দশমিক ৬৫ একর বা ২৮ একর ৬৫ শতাংশ লেখা হবে।
মাহবুবুর রহমানকে এ বিষয়ে প্রশ্ন করতেই তিনি এড়িয়ে গিয়ে বলেন, আমার ফোনের নেটওয়ার্ক খারাপ।
এ বিষয়ে সংশ্লিষ্ট দুদক সূত্র জানায়, সাবেক প্রতিমন্ত্রীর কথামতো জমির পরিমাণ কম ধরা হলেও, তাঁর নামে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে যে চার কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ৭৮২ টাকা এবং স্ত্রী প্রীতি হায়দারের নামে জমা ৩০ লাখ ৮৫ হাজার ৬৫৮ টাকা কোথা থেকে এল। বিভিন্ন সঞ্চয়পত্রে বা স্থায়ী আমানতে স্ত্রীর নামে যে ১৬ লাখ ১৪ হাজার ৩৪২ টাকা বিনিয়োগ এবং প্রতিমন্ত্রীর ব্যবসায় পুঁজি হিসেবে ৩৫ লাখ ও স্ত্রীর ব্যবসায় ৭৬ লাখ ৭১ হাজার টাকার পুঁজি কোথা থেকে এল? সে ক্ষেত্রে তাঁর এসব সম্পদ এক অর্থে কালো সম্পদ বলেই চিহ্নিত হবে।
দুদুক কর্মকর্তাদের দাবি, হলফনামার ভুল নিয়ে সবচেয়ে ‘হাস্যকর’ দাবি করেছেন ঢাকা ১৪ আসনের সাংসদ আসলামুল হক। দুদক সূত্র জানায়, সাংসদ তাদের জানিয়েছেন হলফনামায় উল্লিখিত সম্পত্তি তাঁর নয় এবং তাঁর নিজের নামেও নয়। এসব সম্পত্তি হচ্ছে পাওয়ার অব অ্যাটর্নি সুবাদে পাওয়া। দুদকের কর্মকর্তাদের তিনি আরও জানান, হলফনামায় যে ১৪১ একর সম্পত্তির কথা বলা হয়েছে, তাও সঠিক নয়, আয়কর উপদেষ্টা ভুল তথ্য লিখেছেন। সেটি হবে এক একর ৪১ শতাংশ। এখানেও দশমিক বিভ্রাট।
তবে এই ভুল নিয়ে কোনো ধরনের মন্তব্য না করে আসলামুল হক প্রথম আলোকে মুঠোফোনে বলেন, এটি তদন্তাধীন বিষয়, তাই মন্তব্য নিষ্প্রয়োজন।
দুদকের কমিশনার (তদন্ত) শাহাবউদ্দিন এসব বিষয়ে প্রথম আলোকে বলেন, ‘এটি প্রকৃত ভুল নাকি ইচ্ছাকৃত ভুল, সেটা তদন্তেই পরিষ্কার হয়ে যাবে। আর এসব ভুল-ভাল হলফনামার চেয়ে তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগটাই আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’