সিলেটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জনসভায় কোটি টাকার ‘চাঁদা আদায়’-এর অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি এম ইলিয়াস আলী গতকাল রোববার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যালয়ে যাননি। তাঁর পক্ষে একজন আইনজীবীর নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধিদল গতকাল সকালে দুদকের কার্যালয়ে গিয়ে সময় বাড়ানোর একটি লিখিত আবেদন দাখিল করলেও সেটি গ্রহণ করা হয়নি।ইলিয়াসের পক্ষে দুদকের কার্যালয়ে যাওয়া আইনজীবী নোমান মাহমুদ প্রথম আলোকে বলেন, ইলিয়াস আলী দুদকের আরও একটি মামলায় ঢাকায় অবস্থান করছেন। তাই সময় বাড়ানোর আবেদন জানানো হয়। দুদকের কর্মকর্তারা বিষয়টি তাঁদের এখতিয়ারে নেই বলে সময় বাড়ানোর আবেদন গ্রহণ করেননি। তবে মৌখিকভাবে সোমবার (আজ) ইলিয়াস আলীকে হাজির হয়ে বক্তব্য পেশ করার কথা বলেছেন।সিলেটে গত বছরের ১১ অক্টোবর চারদলীয় জোটের রোডমার্চ ও জনসভায় এক কোটি ২০ লাখ টাকা ‘চাঁদা আদায়’ ও ‘জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন’-এর অভিযোগে গত বৃহস্পতিবার দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন স্বাক্ষরিত নোটিশ জারি করা হয়।দুর্নীতি দমন কমিশন আইনের ১৯ ও ২০ ধারা এবং কমিশন বিধিমালার ২০ বিধিসহ ফৌজদারি কার্যবিধির ১৬০ ধারামতে, অভিযুক্ত ব্যক্তির বক্তব্য ‘শ্রবণ’ করতেই এ নোটিশ জারি করা হয়েছে। এতে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণ হিসেবে ‘বিএনপির জনসভার জন্য এক কোটি ২০ লাখ টাকার চাঁদা আদায় ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ’ উল্লেখ করা হয়।ইলিয়াসকে গতকাল সকাল ১০টায় দুদকের কার্যালয়ে হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয়েছিল। ওই নোটিশে বলা হয়েছিল, ‘নির্ধারিত সময়ে আপনি (ইলিয়াস) উপস্থিত হতে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’