দুদকে যোগ দিলেন মুনীর চৌধুরী
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদে যোগ দিয়েছেন সরকারি কর্মকর্তা যুগ্ম সচিব মোহাম্মদ মুনীর চৌধুরী। ঈদের ছুটির পর গত বৃহস্পতিবার যোগদান করলেও আজ রোববার থেকে তিনি মহাপরিচালক হিসেবে দুদকে বসছেন।
দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বলেন, ‘নতুন মহাপরিচালক মুনীর চৌধুরী রোববার থেকেই প্রশাসন ও সংস্থাপন বিভাগে তাঁর কার্যক্রম শুরু করেছেন। আমরা আশা করছি, তিনি যোগ দেওয়ায় দুদকের কার্যক্রম আরও গতিশীল হবে।’
মুনীর চৌধুরী এর আগে বন্দর, পরিবেশ, জনস্বাস্থ্য, ভূমি এবং বিদ্যুৎ খাতে দায়িত্ব পালনের সময় সরকারি সম্পদ উদ্ধার, রাজস্ব আদায় করে ব্যাপক আলোচিত হন তিনি। চট্টগ্রাম বন্দর, পরিবেশ অধিদপ্তর, সমুদ্র পরিবহন অধিদপ্তর, মিল্ক ভিটা ও ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষে দায়িত্ব পালনের সময় তাঁর দুর্নীতিবিরোধী অভিযানে প্রায় চার হাজার কোটি টাকার ভূমি সম্পদ উদ্ধার ও রাজস্ব আদায় সম্ভব হয়।
সাবেক জোট সরকার ও বর্তমান সরকারের আমলে শীর্ষ রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যবসায়ীদের দণ্ডিত করে মুনীর চৌধুরী একজন ‘কট্টরপন্থী আমলা’ হিসেবে নানা মহলে সমালোচিত হলেও সাধারণ জনগণ তাঁকে ম্যাজিস্ট্রেট হিসেবে পছন্দ করেন। ডিপিডিসির স্পেশাল টাস্কফোর্স প্রধান হিসেবে রাজধানী ও নারায়ণগঞ্জে দুই কোটি ইউনিট বিদ্যুৎ চুরি ধরেন তিনি। আদায় করেন প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে কোকোর মালিকানাধীন লঞ্চকে তিনি বিএনপি আমলেই জরিমানা করেন। বাদ পড়েনি যুদ্ধাপরাধী সাকা চৌধুরীর জাহাজও। বর্তমান সরকারের অনেক মন্ত্রী ও সাংসদের প্রতিষ্ঠান জাহাজকেও তিনি জরিমানা করেছেন। তাঁর একক ভূমিকায় চট্টগ্রাম বন্দরে ভূমি ব্যবস্থাপনা ও জাহাজ চলাচলে বেপরোয়া দুর্নীতি ও বিশৃঙ্খলা কমে আসে। তাঁর নেতৃত্বে পরিবেশদূষণ-বিরোধী অভিযানে ৭০ শতাংশ দূষণকারী শিল্প-কারখানায় ইটিপি স্থাপিত হয়, উদ্ধার হয় ৭০০ একর কৃষিজমি ও উপকূলীয় বনভূমি। পরিবেশ অপরাধীদের কাছ থেকে আদায় করা হয় ১২৩ কোটি টাকা জরিমানা।
দুদকে মুনীর চৌধুরীর নিয়োগকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে। তাঁর এই নিয়োগকে সরকারের দুর্নীতিবিরোধী মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছে নাগরিক সমাজ।