সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে করা দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তার কাছে সাক্ষ্য দিলেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নোটিশের পরিপ্রেক্ষিতে গতকাল রোববার সকালে সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আসেন শাজাহান খান। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক যতন কুমার রায় তাঁর বক্তব্য গ্রহণ করেন। পরে শাজাহান খান সাংবাদিকদের বলেন, সাক্ষ্য দেওয়ার জন্য তাঁকে ডাকা হয়েছে।
একই মামলায় ডাকা হয়েছিল সাবেক গৃহায়ণমন্ত্রী ও বিএনপির নেতা মির্জা আব্বাসকেও। তিনি গতকাল বেলা পৌনে তিনটায় দুদক কার্যালয়ে আসেন এবং আধা ঘণ্টা পর বেরিয়ে যান। তদন্ত কর্মকর্তা যতন কুমার রায় সাংবাদিকদের বলেন, শারীরিক অসুস্থতা ও মামলার জিজ্ঞাসাবাদের বিষয়ে প্রস্তুতি না থাকায় মির্জা আব্বাস সময় চেয়েছেন। তিনি দুই-এক দিন পর আবার আসবেন।
মির্জা আব্বাস উপস্থিত সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি মন্ত্রী থাকাকালে প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়নি।
বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের গৃহায়ণ প্রতিমন্ত্রী আলমগীর কবিরের বিরুদ্ধে গত ৩ মার্চ শাহবাগ থানায় দুদক এ মামলাটি করে।