দুদকে সরকার আর বিরোধী বলে শব্দ নেই
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকারের পক্ষ থেকে কোনো চাপও নেই। দুদকে সরকার আর বিরোধী দল বলে কোনো শব্দ নেই।
আজ বুধবার রাতে চট্টগ্রাম জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দুদক চেয়ারম্যান। চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইকবাল মাহমুদ বলেন, ‘দেশে এমন কোনো খাত নেই, যেখানে দুর্নীতি হচ্ছে না। এ জন্য দেশের জিডিপি নষ্ট হচ্ছে। মানুষ কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। দেশ আরও অনেক এগিয়ে যেত, শুধু দুর্নীতির কারণে পারছে না।’ তিনি বলেন, শিক্ষা খাতে কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না। দুদক এই খাতে দুর্নীতি বন্ধ করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এরপর গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতের দুর্নীতি রোধ করার জন্য। দুদক চেয়ারম্যান বলেন, ‘দুর্নীতি মোকাবিলায় আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে তা প্রতিরোধ করা, সে প্রতিরোধের কাজটিই আমরা করছি। দুর্নীতি ঘটার আগে তা কীভাবে বন্ধ করা যায় সেটিই আমাদের দর্শন। মানুষকে ধরে জেলে ভরাটা আমাদের দর্শন নয়, দেশে অত জেলও নেই। আমাদের নজরে আসলে সে যে-ই হোক না কোনো দুর্নীতির সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না।’
মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। সরকারের পক্ষ থেকে কোনো চাপও নেই। দুদক স্বাধীন কমিশন হিসেবে কাজ করছে। আর দুদকে সরকার আর বিরোধী দল বলে কোনো শব্দ নেই। দুদকের কাছে সবাই সমান। অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, গত ২ মাসে দুই শ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। যাঁদের অধিকাংশই ঋণখেলাপি। দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি যে দলেরই হোক কিংবা তিনি যতই সাধারণ কিংবা অসাধারণ হোক, দুদকের নজরে আসলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর প্রসঙ্গে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, ‘আসলাম চৌধুরীর উত্থানের বিষয়টি সাংবাদিকদের সংবাদ প্রকাশের মাধ্যমে জেনেছি। এরপর আমরা তাঁর সম্পদের হিসাব চেয়েছি।’ এ ছাড়া পানামা পেপারস কেলেঙ্কারির ঘটনায় জড়িতদের ব্যাপারে তদন্তে বলার মতো কোনো অগ্রগতি হয়নি বলে জানান দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ‘সাত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছে। তাঁরা জবাব দেওয়ার জন্য সময় চেয়েছেন।’
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার রুহুল আমীন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার ইকবাল বাহার, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন ও জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার প্রমুখ।