দুদকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার নিন্দা
দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞার নিন্দা জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), দুদক নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক) এবং আইন, আদালত, সংবিধান ও মানবাধিকারবিষয়ক সাংবাদিকদের সংগঠন ল’ রিপোর্টার্স ফোরাম (এলআরএফ)।
আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ ও মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজের সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে তাঁরা বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা সাংবাদিকদের সঙ্গে প্রতিষ্ঠানটির দূরত্ব সৃষ্টি করার পাশাপাশি সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। দেশে দুর্নীতি দমনে সরকার ও দুদকের পাশাপাশি সাংবাদিক সমাজ যে ভূমিকা রাখছে, তার মূলে কুঠারাঘাত করবে এ সিদ্ধান্ত। সাংবাদিকদের সংগঠন দুটি আরও বলেছে, যেখানে বর্তমান সরকার তথ্যপ্রবাহের অবাধ স্বাধীনতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন প্রণয়ন করেছে ও তথ্য কমিশন গঠন করেছে, সেখানে একটি বিশেষ প্রতিষ্ঠানে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা সরকারের মহৎ উদ্যোগের পরিপন্থী।
অবিলম্বে এ ধরনের হঠকারী সিদ্ধান্ত থেকে দুদককে সরে আসার আহ্বান জানিয়ে প্রতিষ্ঠানটিতে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানান। তা না হলে পরিস্থিতি বিবেচনায় কঠোর কর্মসূচি ঘোষণার কথা উল্লেখ করেন। তাঁরা বলেন, এ ঘটনার সূত্র ধরে দুদক ও সাংবাদিক সমাজের মধ্যে নতুন কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায়দায়িত্ব দুদককে নিতে হবে।
ডিআরইউর সভাপতি জামাল উদ্দীন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদ তাঁদের বিবৃতিতে দুদকের এ ধরনের মনোভাবকে তথ্যের অবাধ প্রবাহের ধারণার পরিপন্থী আখ্যা দিয়ে বলেন, সাংবাদিকদের পেশাগত কাজে বাধা সৃষ্টির মাধ্যমে দুর্নীতি দমন কমিশন নিজেই তাদের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ করছে।
বিবৃতিতে সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতার জন্য কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দুদক ও গণমাধ্যম একে অন্যের সহায়ক। দুদকের কাজ দুর্নীতি দমনে সর্বাত্মক কর্মকাণ্ড পরিচালনা। আর গণমাধ্যমের কাজ দুর্নীতির তথ্য তুলে ধরে মানুষকে সচেতন করা। এর মধ্য দিয়ে সাংবাদিকেরা দুদকের কর্মকাণ্ডকেই সহায়তা করেন। কোনো অজুহাতেই দুদকে সাংবাদিক প্রবেশ নিষিদ্ধ করা সমর্থনযোগ্য হবে না। সাংবাদিকদের তথ্য প্রাপ্তির সুযোগ সীমিত করার যেকোনো প্রচেষ্টা দুর্নীতিকেই উৎসাহিত করবে।
র্যাকের সভাপতি মিজান মালিক ও সাধারণ সম্পাদক এইচ এম সাগর বলেন, সাংবাদিকেরা দুদকের সহায়ক শক্তি হিসেবে কাজ করে আসছেন। হঠাৎ সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞায় গণমাধ্যমকর্মীদের পেশাগত কাজে বাধার সৃষ্টি হচ্ছে। এটা নিন্দনীয়। অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান তাঁরা।
এলআরএফের সভাপতি আশুতোষ সরকার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার এক বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দুদকের সিদ্ধান্ত প্রত্যাহার করে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের সুযোগ অব্যাহত রাখার আহ্বান জানান। না হলে সাংবাদিকদের অন্য সংগঠনগুলোর সঙ্গে একাত্ম হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন।