দুদকে সাংবাদিক প্রবেশে 'নিষেধাজ্ঞা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য ফাঁস ঠেকাতে’ দুর্নীতি দমন কমিশনে (দুদক) সাংবাদিকদের প্রবেশে ‘কার্যত’ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দুই দিন ধরে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে দেখা করার বিশেষ পূর্বানুমতি (অ্যাপয়েন্টমেন্ট) থাকলেও কার্যালয়ে প্রবেশের অনুমতি মিলছে না।
গতকাল সোমবার পেশাগত দায়িত্ব পালনের জন্য কয়েকজন সংবাদকর্মী সংস্থাটির কার্যালয়ে গেলে ‘ওপরের নির্দেশ রয়েছে’ বলে প্রবেশে বাধা দেন নিরাপত্তাকর্মীরা। বেলা তিনটার পর দুদক সচিবের সঙ্গে দেখা করার পরামর্শ দেন তাঁরা।
এ বিষয়ে জানতে চাইলে দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ‘গুরুত্বপূর্ণ ও গোপনীয় তথ্য যাতে ফাঁস না হয় সে জন্য শুধু সাংবাদিক নয়, যেকোনো ধরনের দর্শনার্থী প্রবেশ সীমিত করতে চাই আমরা।’
সচিব বলেন, সংস্থার সব কর্মকর্তা-কর্মচারী যদি কোনো বিষয়ে কথা বলেন, তাহলে তথ্য বিকৃতির সুযোগ থেকে যায়। সে জন্য এখন থেকে দুদক সচিব ও জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন, অন্য কেউ নন। গণমাধ্যমকর্মীরা বেলা তিনটা থেকে সাড়ে চারটার মধ্যে এ দুজনের সঙ্গে কথা বলে তাঁদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
দুদকে সাংবাদিকদের প্রবেশ করতে না দেওয়ার নিন্দা জানিয়েছে দুদক নিয়ে কাজ করা সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (আরএসি)। সংগঠনটির সভাপতি মিজান মালিক প্রথম আলোকে বলেন, ‘সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দিয়ে দুদক থেকে একতরফাভাবে এ ধরনের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া মোটেই কাম্য নয়।’
এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের সময় দুদক চেয়ারম্যান হাসান মশহুদ চৌধুরী কমিশনে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করে সপ্তাহে এক দিন ব্রিফিংয়ের আয়োজন করেছিলেন। পরে সে সিদ্ধান্ত পরিবর্তন করে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ২০১২ সালে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সময় সাবেক চেয়ারম্যান গোলাম রহমান দুদকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরে সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিবাদের মুখে সে নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়। গত বছরের শুরুর দিকে দুদকের সাবেক সচিব মাকসুদুল হাসান খানও দুদকে সাংবাদিক প্রবেশ সীমিত করার উদ্যোগ নেন। কিন্তু কমিশনের হস্তক্ষেপের কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি।