সোনালী ব্যাংকের নয়টি শাখা থেকে জালিয়াতির মাধ্যমে সাত হাজার কোটি টাকা দুর্নীতি ও লুটপাটের অভিযোগ অনুসন্ধানে সাক্ষী হিসেবে বক্তব্য দিয়েছেন ব্যাংকটির তিন কর্মকর্তা। তাঁরা হলেন ব্যাংকের পরিদর্শন ও তদারকি সেলের খন্দকার আবদুল ওয়াকিব, সুকুমার রায় ও জসিম উদ্দিন খান।
গতকাল সোমবার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করেন দুদকের জ্যেষ্ঠ উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলীর নেতৃত্বে পাঁচ সদস্যের দল।
দুদক সূত্রে জানা গেছে, সোনালী ব্যাংকের শাখাগুলোতে নিরীক্ষা চলাকালে এসব কর্মকর্তা দুর্নীতি ও জালিয়াতির বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আনেন।
চট্টগ্রাম ওয়াসার উপসচিবকে জিজ্ঞাসাবাদ: নিয়োগ দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের অভিযোগ অনুসন্ধানে চট্টগ্রাম ওয়াসার উপসচিব মো. জাহাঙ্গীর আলমকে জিজ্ঞাসাবাদ করেছেন মীর জয়নুল আবেদীন শিবলী। সকালে দুদক কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসবাদ করা হয়।
দুদক সূত্র জানায়, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নিয়োগ, পদোন্নতি, আন্তবদলি ও অন্যান্য উৎস থেকে ব্যাপক ঘুষ-বাণিজ্যের অভিযোগ রয়েছে।