দুদকে ৫ মার্চ আসলাম, ১৩ মার্চ এ্যানির জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক এবং লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার বিকেলে আসলাম ও এ্যানির ঠিকানায় এ-সংক্রান্ত নোটিশ পাঠায় দুদক।

সংশ্লিষ্ট অনুসন্ধান কর্মকর্তা ও উপপরিচালক শেখ মেসবাহ উদ্দিনের সই করা চিঠিতে মহাজোটের সাংসদ আসলামকে আগামী ৫ মার্চ অভিযোগের পক্ষে-বিপক্ষে নিজের বক্তব্য উপস্থাপনের জন্য হাজির হওয়ার নির্দেশ দিয়েছে দুদক।

এ্যানির অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক মঞ্জুর মোরশেদ। তিনি বিএনপির নেতা ও সাবেক সাংসদ এ্যানিকে আগামী ১৩ মার্চ হাজির হওয়ার নির্দেশ দিয়ে নোটিশে সই করেছেন। নোটিশ পাঠানোর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য।

দুদকের বিশেষ অনুসন্ধান ও দুদক সূত্র জানায়, ২০০৮ সালের হলফনামায় সাংসদ আসলাম ও তাঁর স্ত্রী মাকসুদা হকের নামে চার একর ১৯ দশমিক ৫ শতাংশ জমি ছিল। এর দাম ২০ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। আর পাঁচ বছর পরে স্বামী-স্ত্রী মিলে ১৪ হাজার ৫৬৭ দশমিক ৫৪ শতাংশ জমির মালিক, যার দাম এক কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। দুই হলফনামা বিশ্লেষণ করে দেখা গেছে, সাংসদ থাকাকালে আসলাম ও তাঁর স্ত্রীর জমি ১৪০ একরের বেশি বেড়েছে। আর এই বাড়তি জমির দাম দেখিয়েছেন এক কোটি ৭২ লাখ ৩০ হাজার টাকা। জমির এই মূল্যকে অস্বাভাবিক বলে দুদকের কাছে অভিযোগ রয়েছে।