দুদকে রেকর্ড ৫৮ কর্মকর্তার পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে পদোন্নতি পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৫৮ জন কর্মকর্তা। পাঁচটি পদে এসব কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়। আজ মঙ্গলবার কমিশনের সভায় পদোন্নতির অনুমোদন দিয়ে বিকেলে প্রজ্ঞাপন জারি করা হয়। দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।
উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন পাঁচজন। সহকারী পরিচালক থেকে উপপরিচালক হয়েছেন নয়জন, সহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ২৯ জন, উপসহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ১২ জন এবং কোর্ট পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন তিনজন।
দীর্ঘদিন ফাইলবন্দী থাকার পর দুদকের অর্ধশতাধিক কর্মকর্তার পদোন্নতির বিষয়ে গত মঙ্গলবার ও বুধবার বৈঠক করে বিভাগীয় পদোন্নতি কমিটি (ডিপিসি)। দুদকসচিব আবু মো. মোস্তফা কামালের নেতৃত্বে ডিপিসির সভা শেষে পদোন্নতির সুপারিশ কমিশনে জমা দেওয়া হয়। তারই পরিপ্রেক্ষিতে আজ কমিশনের সভায় ৫৮ কর্মকর্তার পদোন্নতি দেওয়া হলো।
দুদকসচিব এবং ডিপিসির সভাপতি আবু মো. মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, ডিপিসির সভায় দক্ষতা ও যোগ্যতার মাপকাঠিতে পদোন্নতির সুপারিশ করা হয়। কমিশন সেসব বিবেচনা করে পদোন্নতি দিয়েছে।
দুদক সূত্র জানায় ২০০৭ সালে দুদকে ৪৮ কর্মকর্তাকে পদোন্নতি দেওয়া হয়, যা ছিল এ পর্যন্ত সর্বোচ্চ। এবার ৫৮ জনের পদোন্নতি হওয়ায় আগের সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
দুদকের নির্ভরযোগ্য সূত্র জানায়, চলতি বছরের ১০ মে ডিপিসির বৈঠকের পর সাবেক সচিব মাকসুদুল হাসান খানের সঙ্গে বিরোধ তৈরি হয় কমিশনের। কমিশন বৈঠকে পাঁচ পরিচালকসহ ৪৭ কর্মকর্তার পদোন্নতির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও দুদকের সাবেক সচিব মাকসুদুল হাসান খান এতে স্বাক্ষর না করায় জটিলতা তৈরি হয়। পরে সাবেক সচিবের সঙ্গে মতবিরোধের কারণে পদোন্নতির সিদ্ধান্ত বাতিল করা হয়।
সাবেক সচিব শুধু জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির পক্ষে মত দিলেও কমিশনাররা জ্যেষ্ঠতার পাশাপাশি যোগ্যতা ও দক্ষতার বিষয়টি বিবেচনায় নিয়ে পদোন্নতির পক্ষে মত দেন। উভয় পক্ষে দীর্ঘ আলোচনা হলেও শেষ পর্যন্ত এ পদোন্নতির বিষয়টি ঝুলে যায়।
এ মতবিরোধের কারণে কমিশন শেষ পর্যন্ত ওই সচিবকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়ে পরদিনই ১১ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ে আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠান দুদক চেয়ারম্যান বদিউজ্জামান। সচিব প্রত্যাহার চেয়ে পাঠানো চিঠিতে সচিবের বিরুদ্ধে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে বিভেদ সৃষ্টি, কমিশনের ভাবমূর্তি ক্ষুণ্ন করা, কাজে উদাসীনতা, অনাগ্রহ, কোনো কোনো ক্ষেত্রে অবাধ্যতা ও কমিশনের কাজে বিঘ্ন সৃষ্টির অভিযোগ আনা হয়। কমিশনের ওই চিঠি পাওয়ার দীর্ঘদিন পর ১১ অক্টোবর মাকসুদুল হাসানকে বদলি করে আবু মো. মোস্তফা কামালকে দুদক সচিব নিয়োগ দেওয়া হয়। মাকসুদুল হাসান খানের সঙ্গে বিরোধের জের ধরে দীর্ঘ সময় ধর দুদক কর্মকর্তাদের পদোন্নতির বিষয়টি ফাইলবন্দী ছিল। নতুন সচিব যোগ দিয়েই ডিপিসি বৈঠক করে পদোন্নতির প্রক্রিয়াটি শেষ করেন।
প্রজ্ঞাপনের তথ্য অনুসারে উপপরিচালক থেকে পরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন মো. আক্তার হোসেন, মো. আবু সাঈদ, মীর মো. জয়নুল আবেদীন শিবলী, শিরিন পারভীন ও সৈয়দ ইকবাল হোসেন।
উপপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন মো. সামসুল আলম, এবিএম আব্দুস সবুর, মো. মনজুর আলম, হেলাল উদ্দিন শরীফ, সৈয়দ আহমেদ, মো. রফিকুল ইসলাম, মো. আবু বকর সিদ্দিক, শেখ আব্দুস সালাম ও মো. ফজলে হক।
সহকারী পরিচালক পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন এসএম শামীম ইকবাল, মো. ইকবাল হোসেন, আবুল হাশেম কাজী, সৈয়দ সামসুল আরেফীন, মো. খলিলুর রহমান সিকদার, মো. মুজিবুর রহমান, মোহাম্মদ শহিদুল ইসলাম, মো. আমির হোসেন, মঞ্জুর আলম চৌধুরী, খন্দকার আখেরুজ্জামান, মো. জাকির হোসেন, কমল কুমার রায়, সাইফুল্লাহ মো. এমরান, মো. আব্দুল ওয়াদুদ, মো. শফি উল্লাহ, মো. ফখরুল ইসলাম, মো. শহীদুল আলম সরকার, একেএম বজলুল রশীদ, সৈয়দ আতাউল কবির, শহীদুল ইসলাম মোড়ল, মো. হাফিজুর রহমান, জাফর আহমেদ, মো. মনিরুল ইসলাম, এইচএম আখতারুজ্জামান, মো. আমিনুল ইসলাম, মো. ফজলুল বারী, বীরকান্ত রায়, মোহাম্মদ সিরাজুল হক ও একেএম ফজলে হোসেন।
উপসহকারী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন আ স ম শাহ আলম, মো. রিয়াজ উদ্দিন, মো. রইস উদ্দিন আহমেদ, মো. জসীম উদ্দিন গাজী, সুরেশ চন্দ্র রায়, মো. কামরুজ্জামান, দীপন চৌধুরী, মো. নাজিম উদ্দিন, মো. একরামুর রেজা, মো. নজরুল ইসলাম, মো. নুরুল ইসলাম ও মানিক লাল দাস।
কোর্ট পরিদর্শক পদে পদোন্নতি পাওয়া তিনজন হলেন নিশীথ কুমার ঘোষ, নিশি কুমার চাকমা ও মো. গিয়াস উদ্দিন।
দুদক সূত্র জানিয়েছে, বিকেলে প্রজ্ঞাপন জারি করার পর পদোন্নতি পাওয়া বেশির ভাগ কর্মকর্তা নতুন পদে যোগ দিয়েছেন। তবে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে তিনজনের পদোন্নতি ৩০ নভেম্বর থেকে কার্যকর হবে। এঁরা হলেন পরিচালক পদে সৈয়দ ইকবাল হোসেন, উপপরিচালক পদে মো. ফজলুল হক এবং সহকারী পরিচালক পদে এ কেএ ম ফজলে হোসেন। সূত্রটি জানায়, বর্তমানে পরিচালকের চারটি পদ খালি রয়েছে। ২৯ নভেম্বর পরিচালক এ বি এম মাহবুব অবসরে যাবেন। পরদিনই ওই পদে যোগ দেবেন সৈয়দ ইকবাল হোসেন।