দুদকের অনুসন্ধান 'আইওয়াশ' নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক ও বর্তমান মন্ত্রী, সাংসদ ও সচিবদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান ‘আইওয়াশ’ নয় বলে দাবি করেছেন সংস্থার সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। গতকাল সোমবার রাজধানীতে দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত মাসিক সংবাদ সম্মেলনে সচিব এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফয়জুর রহমান চৌধুরী বলেন, ‘আমরা অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান করছি। অবশ্যই এর ফল দেখা যাবে।’ সাংসদ বা সচিবদের বিরুদ্ধে অনুসন্ধান ঠিকমতো চলছে দাবি করে তিনি বলেন, দুদক কখনোই ‘আইওয়াশের’ জন্য কাজ করেনি। দুদক সব সময় নিরপেক্ষভাবে অনুসন্ধান ও তদন্তকাজ চালায়।
গণমাধ্যমে প্রকাশিত ৭০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-সাংসদের হলফনামা ও বিভিন্ন সূত্র থেকে পাওয়া অস্বাভাবিক সম্পদের তথ্য থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খান, সাবেক পানি প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান এবং সাংসদ আসলামুল হক, এনামুল হক ও আবদুর রহমান বদির বিরুদ্ধে দুদক অনুসন্ধান শুরু করে। এঁদের সঙ্গে বিএনপির দুই সাবেক সাংসদ শহীদ উদ্দীন চৌধুরী ও মশিউর রহমান এবং জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মুফতি মোহাম্মদ ওয়াক্কাসের বিরুদ্ধেও অনুসন্ধান করছে দুদক।
তারেক-কোকো-মামুনসহ বিদেশে পাঠানো অর্থ ফেরত সম্পর্কে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে দুদক সচিব বলেন, বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার প্রক্রিয়া একটি নিয়মিত প্রক্রিয়া।
এ সময় সচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য। সংবাদ সম্মেলনে তিনি দুদকের জানুয়ারি মাসের কার্যক্রম তুলে ধরেন।