জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক উপপরিচালককে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে আসা অভিযোগ নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। দুদকের সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত চিঠিতে এই অব্যাহতির বিষয়টি সম্প্রতি মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকা ওই কর্মকর্তার নাম মো. কামরুজ্জামান ভূঁইয়া। দুদকের সূত্র বলেছে, মো. কামরুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে ২০১৪ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানে নামে কমিশন। অনুসন্ধানের অংশ হিসেবে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র সংগ্রহ এবং তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের উপপরিচালক আবদুছ ছাত্তার সরকার অভিযোগটি অনুসন্ধান করেন। অনুসন্ধানে এ-সংক্রান্ত প্রমাণ না পাওয়ায় অভিযোগটি নথিভুক্তির মাধ্যমে নিষ্পত্তি করেছে কমিশন।