দুদকের অভিযানে সারা দেশে ৯ জন গ্রেপ্তার
বিভিন্ন দুর্নীতি মামলায় সাব–রেজিস্ট্রার, দলিল লেখক, ব্যাংকার, ওষুধ কোম্পানির কর্মচারীসহ নয়জনকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন। গতকাল সোমবার ঢাকা, সাতক্ষীরা ও খুলনা থেকে এঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে দুদকের প্রধান কার্যালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন সাতক্ষীরা সদরের সাব–রেজিস্ট্রার মো. লুৎফুর রহমান মোল্লা, দলিল লেখক এ কে এম মনসুর রহমান, রূপালী ব্যাংক খুলনা আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার নীলকমল মিত্র, ওষুধ কোম্পানি এডরুক লিমিটেডের কর্মকর্তা বিখারুল ইসলাম পলাশ, ঢাকার র্যা পিড ফাইন্যান্স অ্যান্ড কমার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ লিমিটেডের সভাপতি মো. জয়নুল আবেদীন মজুমদার, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক খান, খুলনার জেএস ট্রেডিংয়ের শ্যামা প্রসাদ ঘোষ, খুলনার অতুল চন্দ্র নাথ ও অপু নাথ।
দুদকের নতুন কমিশন দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৪৬।