দুদকের অভিযানে স্যালাইনের কৃত্রিম সংকটের কারণ উদ্ঘাটন

সরকারি স্যালাইন উৎপাদনকারী একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে স্যালাইন-সংকটের কারণ উদ্ঘাটন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার সংস্থাটি এ অভিযান চালায় বলে সংস্থার জনসংযোগ বিভাগ জানিয়েছে।
দুদক জানায়, আজ রোববার তাদের হটলাইনে (১০৬) অভিযোগ পেয়ে সংস্থার এনফোর্সমেন্ট দলের সদস্যরা রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আকস্মিক অভিযান চালায়। উপপরিচালক সাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশসহ পাঁচ সদস্যের একটি দল স্যালাইন উৎপাদনকারী ওই সরকারি প্রতিষ্ঠানে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত সরেজমিন পর্যবেক্ষণ করে ভয়াবহ অনিয়মের সন্ধান পায়। এ সময় ওই প্রতিষ্ঠানের পরিচালক উপস্থিত ছিলেন।
অভিযোগে জানা যায়, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটিতে গত এক বছরে স্যালাইন উৎপাদন প্রায় বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটিতে কাঁচামাল কেনা বন্ধ রাখায় স্যালাইন উৎপাদন শূন্যের কোঠায় পৌঁছেছে।
ভুক্তভোগী ব্যক্তিদের অভিযোগে জানা যায়, উদ্দেশ্যমূলকভাবে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে স্যালাইন উৎপাদন বন্ধ রেখে বেসরকারি স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসা চাঙা করার সুযোগ করে দেওয়া হয়েছে। অভিযানের সময় প্রতিষ্ঠানটির পরিচালক আবুল কালাম মোহাম্মদ আজাদ স্বীকার করেন, কাঁচামাল কিনতে না পারায় উৎপাদন বন্ধ রয়েছে। তিনি জানান, গত অর্থবছরে এ প্রতিষ্ঠানের বাজেটের আট কোটি টাকা ফেরত গেছে।
এ অভিযান পরিচালনা প্রসঙ্গে এনফোর্সমেন্ট অভিযানের সমন্বয়কারী দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী জানান, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হলেও কেউই জবাবদিহির ঊর্ধ্বে নয়। অবিলম্বে এ প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের গোচরে আনা হবে।’ তিনি আরও বলেন, কোনো যৌক্তিক কারণ ও ভিত্তি ছাড়া উৎপাদন বন্ধ রাখাও এক ধরনের দুর্নীতি। অনুসন্ধানে এ দুর্নীতি প্রমাণিত হলে দুদক আইনানুগ ব্যবস্থার পথে যাবে।