
এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে ফরম পূরণে নেওয়া অতিরিক্ত অর্থ ফেরত দিচ্ছে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযান চালানোর পরিপ্রেক্ষিতে আজ রোববার শিক্ষার্থীদের এ টাকা ফেরত দিতে শুরু করেছে স্কুলটি।
জানা যায়, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের পরীক্ষার্থীর সংখ্যা ৬৩৭ জন। তাদের প্রত্যকের কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে প্রায় সাড়ে ৪ হাজার টাকা করে বেশি নেওয়া হয়েছে। এ বিষয়ে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান হাওলাদার জানান, অভিভাবকদের দাবি মেনে রোববার থেকে টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে। সোমবারের মধ্যে সবাই টাকা বুঝে পাবেন।
এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে, এমন অভিযোগ পেয়ে ১১ নভেম্বর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অভিযান চালায় দুদক। অভিযান চলাকালে শিক্ষার্থীদের কাছ থেকে সরকার নির্ধারিত ফির চেয়ে প্রায় ২৫ লাখ টাকা বেশি নেওয়ার প্রমাণ পায় দুদক দল। অতিরিক্ত আদায় করা এসব অর্থ প্রতিষ্ঠানের কোনো অ্যাকাউন্টে না রেখে অধ্যক্ষ মো. মনিরুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মরিয়ম বেগম ও সহকারী প্রধান শিক্ষক নাসরীন নাহারের যৌথ নামে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের যাত্রাবাড়ী শাখায় জমা রাখা হয়।
অভিযানের সময়ও স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুজ্জামান বিষয়টির সত্যতা স্বীকার করে দাবি করেছিলেন, ফরম পূরণে সরকার নির্ধারিত ফি নেওয়া হচ্ছে। তবে কোচিং, মডেল টেস্ট এবং র্যাগ ডে উপলক্ষে বাকি অর্থ নেওয়া হচ্ছে। দুদক দলের অভিযানের মুখে স্কুল কর্তৃপক্ষ বেআইনিভাবে আদায় করা ২৫ লাখ টাকা ফেরত দেওয়ার লিখিত অঙ্গীকার করে। সে মতেই আজ রোববার টাকা ফেরত দেওয়া শুরু হয়।
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে ২০১৯ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণে বিজ্ঞান বিভাগের জন্য ১ হাজার ৬৫০ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষার জন্য ১ হাজার ৫৫০ টাকা ফি নির্ধারণ করেছে সরকার। কিন্তু যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৬ হাজার টাকা করে আদায় করেছে।