দুদকের অ্যাওয়ার্ড পেলেন প্রথম আলোর ফখরুল ইসলাম
দুর্নীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬ পেলেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক ফখরুল ইসলামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার পাঁচজন প্রতিবেদক। এ ছাড়া একজন প্রতিবেদক পেয়েছেন বিশেষ সম্মাননা।
আজ মঙ্গলবার দুদক কার্যালয়ে এক অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক শাহ আলমগীর, একাত্তর টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোজাম্মেল বাবু, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল উপস্থিত ছিলেন।
প্রিন্ট মাধ্যম থেকে প্রথম পুরস্কার পেয়েছেন সমকালের আবু সালেহ রনি। প্রথম আলোর ফখরুল ইসলাম পান দ্বিতীয় পুরস্কার। ইলেকট্রনিক মাধ্যম থেকে প্রথম পুরস্কার পেয়েছেন মাছরাঙা টেলিভিশনের ওবায়দুল কবির, দ্বিতীয় পুরস্কার পেয়েছেন একাত্তর টেলিভিশনের জেমসন মাহবুব ও তৃতীয় পুরস্কার পেয়েছেন একুশে টেলিভিশনের এস এম সেকান্দার।
বিজয়ীদের প্রত্যেককে একটি করে ক্রেস্ট ও সদন দেওয়া হয়। এ ছাড়া প্রথম পুরস্কার বিজয়ীকে ৫০ হাজার, দ্বিতীয় পুরস্কার বিজয়ীকে ৪০ হাজার ও তৃতীয় পুরস্কার বিজয়ীকে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়। বিশেষ সম্মাননা পান মাছরাঙা টেলিভিশনের বদরুদ্দোজা বাবু।
জুরিবোর্ডের সদস্য মনজুরুল আহসান বুলবুল বলেন, প্রিন্ট মাধ্যমে ভালো প্রতিবেদন না পাওয়ায় তৃতীয় পুরস্কার দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে বদরুদ্দোজা বাবুর প্রতিবেদনটি সবার চেয়ে ভালো হলেও গতবার পুরস্কার পাওয়ায় এবার তাঁকে বাদ দেওয়া হয়েছে।