দুদকের কমিশনার পদে নিয়োগে আইনি নোটিশ পাঠিয়েছে সুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে দ্রুত নিয়োগের জন্য মন্ত্রিপরিষদের সচিবের কাছে আইনি নোটিশ পাঠিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। ১৫ মার্চের মধ্যে কমিশনার নিয়োগ-প্রক্রিয়া সম্পন্ন না হলে রিট আবেদনসহ অন্যান্য আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।গতকাল বৃহস্পতিবার সুজন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়েছে, কমপক্ষে দুটি জাতীয় দৈনিকে কমিশনারের শূন্যপদসংক্রান্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। প্রকাশিত বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে প্রাপ্ত আবেদনপত্র বাছাই করে যোগ্যতম প্রার্থী বাছাই করবে নিয়োগ কমিটি। এতে করে কমিটির স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে বলে মতামত প্রকাশ করেছে সুজন। দুদকের কাছে পাঠানো আইনি নোটিশে সুজনের পক্ষে সই করেছেন অধ্যাপক মোজাফ্ফর আহমেদ।