দুদকের করা মামলায় মেয়র খোকাসহ ১৩ জনের জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষমতার অপব্যবহার ও নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগে করা মামলায় ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) মেয়র সাদেক হোসেন খোকাসহ ১৩ জনের চার মাসের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। পাশাপাশি কেন তাঁদের স্থায়ী জামিন দেওয়া হবে না তা তিন দিনের মধ্যে জানাতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করা হয়েছে।গতকাল সোমবার বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ১৩ জনের করা পৃথক আগাম জামিনের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এ দিন মেয়র খোকাসহ ১৩ জন আদালতে হাজির হয়ে আগাম জামিনের আরজি জানান।আদালতে জামিন আবেদনকারী পক্ষের আইনজীবী রফিক-উল হক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষের আইনজীবী আনিসুল হক ও খুরশীদ আলম খান মামলা পরিচালনা করেন। জানা যায়, গত ২৯ জুন দুদকের সহকারী পরিচালক হারুন অর রশিদ তাঁদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন। এতে দুর্নীতির মাধ্যমে লোক নিয়োগ করে ডিসিসিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়। অন্যরা হলেন কর কর্মকর্তা মিজানুর রহমান, সামি ফয়সাল, এ এস এ হাসানুজ্জামান, আতাহার আলী খান ও সাইফুল্লাহ, সাবেক নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন আহমেদ, সাবেক সচিব আলমগীর হোসেন খান, সাবেক প্রধান প্রকৌশলী মেহেদী আলী খান, সাবেক প্রধান হিসাবরক্ষক মো. নুরুন্নবী, সাবেক রাজস্ব কর্মকর্তা সাখাওয়াত উল্লাহ, সাবেক সহকারী সচিব আসাদুজ্জামান ও উপ-কর কর্মকর্তা মো. মজিবর রহমান।এদিকে বৈদেশিক মুদ্রা পাচার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর করা রিটটি গতকাল কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এস এম এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সালাউদ্দিন কাদের চৌধুরীর আইনজীবী শাহ মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, এ মামলায় নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হাইকোর্টের দেওয়া আদেশ আপিল বিভাগ স্থগিত করেছেন, যা আপিল বিভাগে বিচারাধীন। এ বিবেচনায় আদালত রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন।