দুদকের কাগজপত্র কেজি দরে বিক্রি, কনস্টেবল গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সিলেটের সমন্বিত জেলা কার্যালয়ে তদন্তাধীন বিভিন্ন অভিযোগের নথিপত্র কেজি দরে বিক্রি করে দেওয়ার অভিযোগে কার্যালয়ের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়।দুদক সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় ফাইলপত্র না পাওয়ায় ১৭ জুন সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন দুদক সিলেটের ভারপ্রাপ্ত উপপরিচালক নূরজাহান আহমদ। এরপর বিষয়টি নিয়ে দুদকের লোকজন অনুসন্ধান শুরু করেন। গত বুধবার নগরের বাগবাড়ী এলাকায় দুদক কার্যালয়ের পাশে একটি ভাঙারির দোকানে কিছু কাগজপত্র পাওয়া যায়। ভাঙারি দোকানের মালিক মো. সাত্তার মিয়া জানান, কার্যালয়ের কনস্টেবল (নম্বর ২৯৩) মোসায়েকুর রহমান ১৭ জুন নয় বান্ডিলে মোট ১০৮ কেজি কাগজ এক হাজার টাকায় বিক্রি করে দেন। এ ঘটনায় কনস্টেবল মোসায়েকুরসহ পাঁচজনকে আসামি করে গত বৃহস্পতিবার কোতোয়ালি থানায় মামলা করেন নূরজাহান আহমদ। ওই দিন বিকেলেই কার্যালয় থেকে মোসায়েকুরকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে উপপরিচালক নূরজাহান আহমেদ জানান, ১০৮ কেজি কাগজই উদ্ধার করা হয়েছে। তবে এর মধ্য থেকে কোনো প্রয়োজনীয় কাগজ খোয়া গেছে কি না, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।