দুদকের কাছে সময় চাইলেন বি এইচ হারুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বি এইচ হারুন। ফাইল ছবি
বি এইচ হারুন। ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তলবে হাজির না হয়ে সংস্থাটির কাছে দুই মাসের সময় চেয়েছেন সাংসদ বজলুল হক হারুন (বি এইচ হারুন)। আজ বুধবার সকাল ১০টায় তাঁকে দুদকে হাজির হতে তলব করেছিল সংস্থাটি ।

দুদক সূত্র জানায়, সময় চেয়ে গতকাল মঙ্গলবার বিকেলে আবেদন করেন বি এইচ হারুন। ওই আবেদন আজ সকালে অনুসন্ধান দলের হাতে পৌঁছায়।

বেসরকারি প্রিমিয়ার ব্যাংকের এক গ্রাহকের ১৩৪ কোটি টাকা আত্মসাৎসহ অবৈধভাবে সম্পত্তি অর্জনের অভিযোগে আওয়ামী লীগের এ সাংসদের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে গত ৩ মার্চ এক তলবি নোটিশ পাঠায় দুদক। নোটিশে তাঁকে ১১ এপ্রিল সংস্থাটির কার্যালয়ে হাজির হয়ে জবানবন্দি দিতে বলা হয়।

বি এইচ হারুন ধর্ম মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। আওয়ামী লীগের সাবেক সাংসদ ও প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান এইচ বি এম ইকবালের ভগ্নিপতি তিনি। ঢাকার বনানীর যে হোটেলে গত বছর বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে আটকে রেখে যে ধর্ষণ করা হয়, বহুল আলোচিত সেই দ্য রেইনট্রি হোটেলের মালিকানা বি এইচ হারুনের স্ত্রী এবং তিন ছেলে ও এক মেয়ের নামে।

জানা গেছে, সৌদি সরকারের সাহায্যে ২০০৮ সালে সিডরে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১৫ হাজার ঘর নির্মাণের ২০৪ কোটি টাকার কাজ পেয়েছিলেন খলিলুর রহমান নামের এক ব্যক্তি। তাঁর হিসাব ছিল প্রিমিয়ার ব্যাংকের বংশাল শাখায় এবং কাজ চলাকালে ২৯৭টি চেকের পাতার মাধ্যমে ৭০ কোটি টাকা তিনি উত্তোলন করেন। কাজ শেষে বাকি টাকা তোলার জন্য খলিলুর বংশাল শাখায় গেলে তৎকালীন ব্যবস্থাপক সামসুদ্দিন চৌধুরী (পদোন্নতি পেয়ে বর্তমানে ডিএমডি) বলেন, তিনি সব টাকা তুলে নিয়ে গেছেন এবং হিসাবও বন্ধ করে দিয়েছেন।

খলিলুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁর অজ্ঞাতে অতিরিক্ত ৩৮৮টি চেক বই ইস্যু দেখিয়ে জাল সইয়ের মাধ্যমে ১৩৪ কোটি টাকা তুলে নিয়ে গেছেন বি এইচ হারুন। বেশির ভাগ টাকা তোলা হয়েছে ব্যাংকের বনানী শাখা থেকে, যা বি এইচ হারুনের অফিস থেকে ৫০ গজ দূরে।