দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, দুদকের আইনি ক্ষমতা অনেক। তবে সক্ষমতার ঘাটতি আছে। আছে লোকবলের অভাব।
গতকাল দুদকের প্রধান কার্যালয়ে দুদক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মধ্যে দুর্নীতি প্রতিরোধসংক্রান্ত কাজে পারস্পরিক সহযোগিতার জন্য দুই বছর চার মাস মেয়াদি একটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এ কথা বলেন। তিনি বলেন, দুর্নীতির শিকড় উৎপাটনে দুদক ও টিআইবি একসঙ্গে কাজ করবে। অনুষ্ঠানে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, টিআইবি ও দুদকের লক্ষ্য ও উদ্দেশ্য অভিন্ন। তবে টিআইবি শুধু প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করতে পারে। প্রতিকারমূলক কার্যক্রমের একমাত্র কর্তৃপক্ষ দুদক। তিনি বলেন, কমিশনের বর্তমান চেয়ারম্যানের নেতৃত্বে কিছু কার্যক্রমের ফলে কমিশনের প্রতি মানুষের আস্থা যেমন বেড়েছে, তেমনি প্রত্যাশাও বেড়েছে। তাই সবার উচিত কমিশনের পাশে দাঁড়ানো। যার যার অবস্থান থেকে দুদককে সাহায্য করতে হবে।