দুদকের ক্ষমতা খর্ব করার প্রস্তাব বাতিলের সুপারিশ
হিসাব মহানিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানসহ সরকারের একাধিক প্রতিষ্ঠানকে দায়বদ্ধতার আওতায় এনে দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। এ বিষয়ক বিল থেকে দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা খর্ব করার বিধান-সংবলিত প্রস্তাব বাতিলের সুপারিশ করা হয়েছে।মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় বিলটি চূড়ান্ত করা হয়। কমিটির সভাপতি ফজলে রাব্বি মিয়া প্রথম আলোকে জানান, সংসদের আগামী অধিবেশনে বিলটি পাসের সুপারিশ করে প্রতিবেদন উপস্থাপন করা হবে। গত বছরের ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মতিয়া চৌধুরী দুর্নীতি দমন কমিশন (সংশোধন) বিল ২০১১ সংসদে উত্থাপন করেন। এরপর বিলটি যাচাই-বাছাইয়ের জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।বৈঠকের কার্যবিবরণী থেকে জানা গেছে, বিলে সরকারিভাবে যেসব প্রস্তাব করা হয়েছে, সংসদীয় কমিটি তার বাইরে বেশ কয়েকটি প্রস্তাব যুক্ত করেছে। কমিটির প্রস্তাবিত ২৩ (ক) ধারায় বলা হয়েছে, অন্য কোনো আইনে যা-ই থাকুক না কেন, হিসাব মহানিরীক্ষক ও নিয়ন্ত্রক, এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), র্যাবের মহাপরিচালক এবং সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে ঘোষিত এক বা একাধিক প্রতিষ্ঠান নিজ উদ্যোগে দুদকের কাজে সহযোগিতা করবে। কোনো প্রতিষ্ঠান কমিশনকে তথ্য সরবরাহে ব্যর্থ হলে কমিশনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।বিলের ৩২ (ক) ধারায় সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করার আগে সরকারের আগাম অনুমোদন নেওয়ার যে বিধান করা হয়েছিল, কমিটি তা বাতিলের সুপারিশ করেছে। সরকারিভাবে আনা বিলের এ ধারায় বলা হয়েছে, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে জজ, ম্যাজিস্ট্রেট বা কোনো সরকারি কর্মকর্তা অপরাধ করেছেন বলে অভিযুক্ত হলে, সরকারের পূর্ব অনুমতি ছাড়া কোনো আদালত সেই অভিযোগ আমলে নিতে পারবেন না। এ-জাতীয় অপরাধের মামলা কীভাবে পরিচালিত হবে এবং কোন আদালতে বিচার হবে, তা-ও সরকার নির্ধারণ করে দিতে পারবে।কমিটিতে পর্যালোচনার একপর্যায়ে গত বছরের মে মাসে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিল থেকে ৩২ (ক) ধারা বাতিলের সুপারিশ করে সংসদীয় কমিটিকে চিঠি লিখেছিলেন। বিশ্বব্যাংকও তাদের প্রতিনিধির মাধ্যমে এই বিধানটির ব্যাপারে আপত্তি জানায়। এসব বিষয় বিবেচনায় নিয়ে সংসদীয় কমিটি বিল থেকে ৩২ (ক) ধারা বাতিলের সুপারিশ করেছে। এই সুপারিশ বহাল থাকলে সরকারি কর্মকর্তা, জজ ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা করতে সরকারের আগাম অনুমতির প্রয়োজন হবে না।এ বিষয়ে ফজলে রাব্বি মিয়া বলেন, সরকারি প্রস্তাব অনুযায়ী, ৩২ (ক) ধারা বাস্তবায়ন করলে দুদকের ক্ষমতা মারাত্মকভাবে খর্ব হবে। যে কারণে কমিটি ধারাটি বাতিলের সুপারিশ করেছে। ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আইন, বিচার ও সংসদবিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, রহমত আলী, নুরুল ইসলাম অংশ নেন। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ।