দুদকের ক্ষমতা নিয়ন্ত্রণে অর্থমন্ত্রী ও সংসদীয় কমিটির আপত্তি
দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধনের লক্ষ্যে সংসদে উত্থাপিত বিলের ব্যাপারে আপত্তি জানিয়েছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি ও অর্থ মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই আপত্তি জানানো হয়। দুর্নীতির বিরুদ্ধে নজরদারি সংস্থা দুদকের ক্ষমতা নিয়ন্ত্রণই এ-সংক্রান্ত আইন সংশোধন উদ্যোগের উদ্দেশ্য বলে সংশ্লিষ্ট অনেকের অভিমত।কমিটি সূত্র জানিয়েছে, প্রস্তাবিত আইনে দুদক কর্তৃক জজ, ম্যাজিস্ট্রেট ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা দায়েরে সরকারের পূর্বানুমতি নেওয়ার যে বিধান করা হয়েছে, সে বিষয়ে লিখিত আপত্তি জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি এই বিধান বাদ দেওয়ার সুপারিশ করেছেন। গতকালই অর্থমন্ত্রীর লিখিত মতামত মন্ত্রণালয় থেকে সংসদীয় কমিটিতে পাঠানো হয়।দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ সংশোধনের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ উত্থাপিত বিলে বলা হয়েছে, জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ১৯৭ ধারা প্রযোজ্য হবে। এই ধারায় বলা আছে, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে জজ, ম্যাজিস্ট্রেট বা কোনো সরকারি কর্মকর্তা অপরাধ করেছেন বলে অভিযুক্ত হলে, সরকারি অনুমতি ছাড়া আদালত সেই অভিযোগ আমলে নিতে পারবেন না। এ-জাতীয় অপরাধের মামলা কীভাবে কোন আদালতে চলতে পারবে, তা সরকার নির্ধারণ করে দিতে পারবে। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ৩২ ধারা অনুযায়ী, এ ধরনের ক্ষেত্রে মামলা দায়েরে সরকারি অনুমতির প্রয়োজন নেই।বৈঠকে সংসদীয় কমিটি দুদকের ক্ষমতা কমানোর প্রস্তাবের বিরোধিতা করেছে। কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সরকারি কর্মকর্তার ব্যক্তিগত অপরাধ তদন্তের ক্ষেত্রে পূর্বানুমোদনের প্রয়োজন নেই। তবে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপরাধের অভিযোগ উত্থাপিত হলে কোনো কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করতে গেলে সরকারের পূর্বানুমোদনের প্রয়োজন হতে পারে। সুরঞ্জিত সেনগুপ্ত আরও জানান, কমিটি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অপরাধ তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) আইন পর্যালোচনা করে দুদক আইন সংশোধনের চূড়ান্ত সুপারিশ করবে। ১৯০ সাব-রেজিস্ট্রার: এদিকে মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে নিয়োগ পাওয়া ১৯০ জন সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অবৈধভাবে নিয়োগ পাওয়ার যে অভিযোগ উত্থাপিত হয়েছে, তা বিধিমোতাবেক নিষ্পত্তি করতে বলেছে সংসদীয় কমিটি। ২০০৯ সালের এ নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশও করা হয়েছে বলে সুরঞ্জিত সেনগুপ্ত জানান। গতকালের বৈঠকে কমিটির সদস্যরা ছাড়াও আইনমন্ত্রী শফিক আহমেদ, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ মন্ত্রণালয় ও দুদকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।