রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে উপস্থাপনের জন্য ৭০টির বেশি অভিযোগ পাওয়া গেছে। এর মধ্য থেকে বাছাই করে সর্বোচ্চসংখ্যক অভিযোগ তুলে ধরা হবে। আজ বুধবার সকাল ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই শুনানি অনুষ্ঠিত হবে।
গণশুনানির প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে দুদকের ঢাকা বিভাগীয় পরিচালক নাসিম আনোয়ার গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ৭০টি অভিযোগ পাওয়া গেলেও সেগুলো সুনির্দিষ্ট। যেসব অভিযোগ এসেছে তার মধ্যে রয়েছে: টাকা জমা দেওয়ার পরও প্লটের দখল না পাওয়া, লটারিতে বিজয়ী হওয়ার পরও প্লট না পাওয়া, অবৈধ স্থাপনা ভাঙার আবেদন করার পরও না ভাঙা, ক্ষতিগ্রস্ত হিসেবে প্লট পাওয়ার কথা থাকলেও না পাওয়া, নামজারি, প্ল্যান পাস করার ক্ষেত্রে হয়রানি ইত্যাদি।
রাজউক নিয়ে সাধারণত যেসব অভিযোগ শোনা যায়, তার তুলনায় মাত্র ৭০টি অভিযোগ নগণ্য কি না—জানতে চাইলে দুদকের এই কর্মকর্তা বলেন, সংখ্যাগত দিক থেকে কম হলেও যেহেতু এগুলো সুনির্দিষ্ট অভিযোগ, তাই সমস্যা হবে না। অসংখ্য অভিযোগ এলেও বাছাইয়ের পর সময়স্বল্পতার কারণে সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হতো না। তিনি বলেন, শুনানির দিন সব অভিযোগ উপস্থাপন করা না গেলে সেগুলো পরবর্তী সময়ে রাজউকে পাঠিয়ে দেওয়া হবে।
অভিযোগ জমা দেওয়া কিছু সেবাগ্রহীতার মধ্যে ভয় কাজ করার বিষয়ে জানতে চাইলে দুদকের পরিচালক বলেন, অভিযোগকারীদের যাতে পরবর্তী সময়ে কোনো ধরনের হয়রানি করা না হয়, কমিশন সে বিষয়ে নজর রাখবে।
শুনানিতে রাজউকের জনসম্পৃক্ত শাখাগুলোর প্রধানদের জবাবদিহির জন্য জনগণের মুখোমুখি করা হবে। রাজউকের উন্নয়ন, পরিকল্পনা ও এস্টেট শাখার সদস্য, পরিচালকেরা নাগরিকদের প্রশ্নের উত্তর দেবেন। এ ছাড়া সংশ্লিষ্ট অন্য বিভাগের কর্মকর্তারাও কথা বলবেন।
এ সময় দুদকের চেয়ারম্যান, দুই কমিশনারসহ শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, রাজউকের চেয়ারম্যান জয়নাল আবেদীন ভূঁইয়াসহ মন্ত্রণালয় ও রাজউকের জ্যেষ্ঠ কর্মকর্তারা শুনানিতে উপস্থিত থাকবেন। শুনানি সঞ্চালনা করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আক্তার হোসেন ভূঁইয়া।
দুর্নীতি প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে জাপানের সাহায্য সংস্থা জাইকার সহায়তায় সরকারি সেবা দপ্তরগুলোর ওপর পর্যায়ক্রমে গণশুনানির আয়োজন করছে দুদক। এই প্রক্রিয়ায় গত এক বছরে ময়মনসিংহের মুক্তাগাছা, ঢাকার সাভার, কক্সবাজার, ঢাকায় গণশুনানি করা হয়। এসব শুনানিতে ভুক্তভোগীরা তাঁদের অভিযোগ পেশ করেন। উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযোগ অনুসারে সমাধান বাতলে দেন। কোনোটির সমাধানের প্রতিশ্রুতি দেন।