অনিয়ম করে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার অভিযোগ ওঠা চারজন সচিব ও একজন যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও সনদ বাতিলের সুপারিশ-সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) চিঠি পেয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রথম আলোকে এ কথা জানান। তিনি বলেন, প্রতিবেদনটি দুদকের কাছে চাওয়া হবে।
এই পাঁচ আমলা হলেন স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিঞা, সদ্য ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান (বতর্মানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান) ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাসেম তালুকদার।
এই পাঁচজন কর্মকর্তার মুক্তিযোদ্ধা সনদ বাতিল করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে দুদক। এই সনদ নেওয়ার প্রক্রিয়ায় যে অনিয়মের অভিযোগ উঠেছে, দুদকের তদন্তে তার সত্যতা মিলেছে।
যাঁরা ভুল তথ্য দিয়ে চাকরির মেয়াদ বাড়িয়েছেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এরই মধ্যে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। এ পর্যন্ত ১৮২ জন সরকারি কর্মকর্তার সনদ বাতিল করা হলেও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
তবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সুপারিশ ছাড়া এ পর্যন্ত যত সনদ দেওয়া হয়েছে, তা বাতিলের সুপারিশ করেছে মন্ত্রণালয়। জামুকার সুপারিশ ছাড়া সনদ নেওয়ার সংখ্যা তিন হাজারেরও বেশি বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এই পাঁচ সচিবও জামুকার সুপারিশ ছাড়াই মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন।
গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ নিয়েছেন সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন পেশার ১১ হাজার ১৫০ জন। সচিব থেকে শুরু করে চিকিৎসক, শিক্ষক, প্রকৌশলী, ব্যাংকারও রয়েছেন তাঁদের মধ্যে। আওয়ামী লীগের গত পাঁচ বছরে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও এই আমলেও তা চলছে। গত ৬ আগস্ট নতুন করে জামুকা গঠন করা হয়েছে। এখনো মুক্তিযোদ্ধা সনদ চেয়ে আবেদন আসছে এবং এগুলো যাচাই-বাছাই করছে জামুকা।