দুদকের চেয়ারম্যানের নামে ব্যাংক হিসাব খুলে প্রতারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার সাহাবুদ্দিন পরিচয় দিয়ে কয়েকজন সরকারি কর্মকর্তার কাছ থেকে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। দুদকের চেয়ারম্যান গোলাম রহমানের নামে একটি ব্যাংকে হিসাব খুলে এ অর্থ নেওয়া হয়।এই অভিযোগে জিয়াউর রহমান ও তাঁর সহযোগী মো. ইসরাফিলকে গত বৃহস্পতিবার রাজধানীর রামপুরার বিটিভি ভবনের সামনে থেকে গ্রেপ্তার করে র‌্যাব-১০।গতকাল শুক্রবার সকালে দুদকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার করা এ দুজনকে সাংবাদিকদের সামনে আনা হয়। সংবাদ সম্মেলনে দুদকের পক্ষে লিখিত বক্তব্যে মনিটরিং ও ইভালুয়েশন বিভাগের পরিচালক মেজর আশিস সরকার জানান, দুদকের চেয়ারম্যান, তাঁর এপিএস এবং দুদকের অন্য কর্মকর্তাদের নাম ব্যবহার করে জিয়াউর বিভিন্ন মানুষকে প্রতারণা করে প্রায় আট লাখ টাকা হাতিয়ে নেন। যাঁরা এই প্রতারণার ফাঁদে পড়েছেন, তাঁরা পানি উন্নয়ন বোর্ড, সড়ক ও জনপথ বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়, রেলওয়েসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের কর্মকর্তা। তদন্তের স্বার্থে প্রতারিত ব্যক্তিদের নাম কমিশন প্রকাশ করছে না।