দুদকের জালে ধরা পড়লেন নিরীক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুদক
দুদক

কোনো কাজ ঠিকমতো শেষ হয়েছে কি না অথবা ব্যয়ের হিসাব ঠিক আছে কি না, তা পর্যালোচনা করেন অডিটর বা নিরীক্ষকেরা। তাই তাঁদের প্রতিবেদনকে গুরুত্ব দিয়ে দেখা হয় প্রতিষ্ঠানগুলোতে।
কিন্তু এবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) জালে ধরা পড়েছেন নিরীক্ষক নিজেই। তাঁর নাম মো. শামসুল হক। তিনি পূর্ত অডিট অধিদপ্তরের সাবেক অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। বর্তমানে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের আইএমইডি বিভাগের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা।

জানা গেছে, ২০১১-২০১২ অর্থবছরে ঝালকাঠি সড়ক বিভাগে ৬টি সড়ক মেরামতের কাজ সর্বনিম্ন দরদাতাকে দেওয়া হয়। কাজ শেষে ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়। নিয়মমতো কাজ শেষে কাজের পরিমাপ করে যথাসময়ে গ্রহণপূর্বক রানিং ও চূড়ান্ত বিল দেওয়া হয়।

২০১১-২০১২ সালে শেষ হওয়া ওই কাজের নিরীক্ষার জন্য ঢাকার পূর্ত অডিট অধিদপ্তর থেকে মো. শামসুল হকের নেতৃত্বে তিন সদস্যের একটি দল ঝালকাঠিতে যায়। দলনেতা শামসুল হক নিজেই ওই ৬টি কাজের নিরীক্ষা করেন। নিরীক্ষার সময় তিনি স্ট্যাম্প কেনার তারিখ ৫ এর আগে ২ বসিয়ে ২৫ বানিয়ে এবং ৭ এর আগে ২ বসিয়ে ২৭ বানিয়ে জালিয়াতির ক্ষেত্র তৈরি করেন। নিরীক্ষা শেষে ঢাকায় এসে ওই ৬টি কাজের বিপরীতে অবাস্তব স্ট্যাম্প কেনা ও চুক্তিপত্র স্বাক্ষরসহ অবাস্তব কাজ দেখিয়ে সরকারের ৬৫ লাখ ৯২ হাজার ৯৯৭ টাকা আর্থিক অনিয়ম বা ক্ষতির কথা উল্লেখ করে স্বাক্ষরবিহীন নিরীক্ষা প্রতিবেদন পূর্ত অডিট অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে জমা দেন।

দুদকের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। দুদকের বরিশাল সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবুল হাশেম বিষয়টির অনুসন্ধান করেন।

অনুসন্ধান প্রতিবেদনে আবুল হাশেম বলেন, মো. শামসুল হক অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাস ভঙ্গ করে ক্ষমতার অপব্যবহার ও কারচুপির মাধ্যমে স্ট্যাম্প কেনার তারিখ পরিবর্তন করে নিজে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে সরকারের ৬৫ লাখ টাকারও বেশি আর্থিক ক্ষতিসংক্রান্ত মনগড়া ও মিথ্যা নিরীক্ষা প্রতিবেদন দাখিল করেছেন। প্রকল্প কর্মকর্তাদের চাপে ফেলে তাদের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন। এই অনুসন্ধান প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন তাঁর বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে।

আজ রোববার এ অনুমোদন দেওয়া হয় বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। তিনি জানান, চলতি সপ্তাহেই ঝালকাঠি সদর থানায় এ ঘটনায় মামলা করা হবে।