সিলেট জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখায় ‘ঘুষখোর’ কর্মচারী ধরতে গিয়ে দুদক সিলেটের একটি দল অবরুদ্ধ ও হামলার ঘটনায় হওয়া সাধারণ ডায়েরি (জিডি) মামলা হিসেবে তালিকাভুক্ত করতে নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুদকের সিলেটের মুখ্য মহানগর বিচারিক হাকিম মো. সাইফুজ্জামান হিরোর আদালত মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নির্দেশ দেন।
রাতে যোগাযোগ করলে আদালতের আদেশ পুলিশের কাছে পৌঁছায়নি জানিয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহাম্মদ প্রথম আলোকেবলেন, আদেশ হাতে এলে অবশ্যই আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
দুদক ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার বিকেল চারটার দিকে দুদকের একটি দল জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবসা ও বাণিজ্য শাখার কর্মচারী (অফিস সহকারী) মো. আজিজুর রহমানকে ১০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগে আটক করে। এ সময় জেলা প্রশাসনের কর্মচারীরা দুদকের এ দলকে অবরুদ্ধ করে রাখেন। একপর্যায়ে আটক আজিজুরকে ছাড়িয়ে নিতে দুদক সদস্যদের মারধর করা হয়। কর্মচারীদের হামলায় দুদকের উপসহকারী পরিচালক রণজিৎ কুমার কর্মকার, ওয়াহিদ মঞ্জুর, কনস্টেবল মিসবাহ উদ্দিন ও গাড়িচালক বিপ্লব আহত হন।
ওই দিন বিকেল সাড়ে চারটা থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত দুদকের কর্মকর্তা-কর্মচারীরা জেলা প্রশাসকের কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। পরে মহানগর পুলিশের একটি দল সেখানে তাঁদের নিরাপদে কোতোয়ালি থানায় নিয়ে যায়। এ সময় দুদকের পক্ষ থেকে সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক শিরীন পারভীন সিলেট কোতোয়ালি থানায় জিডি করেন।