নবম জাতীয় সংসদের সাত মন্ত্রী-সাংসদের হলফনামা নিয়ে অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ব্যাপারে আজ বুধবার সাতজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।
মহাজোটের মন্ত্রী-সাংসদেরা হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান, কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদি, সাংসদ আসলামুল হক, সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, সাবেক সাংসদ এম এ জব্বার ও এনামুল হক।
এই সাতজনের ব্যাপারে তদন্ত করবে যথাক্রমে দুদকের উপপরিচালক মির্জা জাহিদুল আলম, উপপরিচালক খায়রুল হুদা, উপপরিচালক আহসান আলী, উপপরিচালক শেখ জায়েদ আলম, উপপরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, সহকারী পরিচালক মাসুদুর রহমান, সৈয়দ তাহসিনুল হক।
দুদক সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায় থেকে কিছু ব্যক্তির অনিয়মের বিষয়ে অনুসন্ধান করতে দুদক কর্তৃপক্ষকে বলা হয়েছে। এ ছাড়া বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকেও এসব ব্যাক্তির বিরুদ্ধে অনিয়মের তথ্য দুদককে দেওয়া হয়েছে।
রেলের নিয়োগ-বাণিজ্যে তত্কালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, পদ্মা সেতু ষড়যন্ত্রে তত্কালীন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, শেয়ারবাজার কেলেঙ্কারিতে আওয়ামী লীগের নেতা ডা. এইচ বি এম ইকবাল, ২০০১ সালে আদমশুমারি ও গৃহ গণনা প্রকল্পের প্রশ্নপত্র মুদ্রণ অনিয়মে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, হল-মার্ক কেলেঙ্কারিতে প্রধানমন্ত্রীর তত্কালীন স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলীসহ সোনালী ব্যাংকের পরিচালনা পর্যদের সদস্য ও দলীয় নেতা জান্নাত আরা তালুকদার হেনরী, সাইমুম সরোয়ার কমল, বিসমিল্লাহ গ্রুপ কেলেঙ্কারিতে দুই সাংসদপুত্রের সংশ্লিষ্টতা নিয়ে আলোচনা থাকলেও কোনোটাই প্রমাণ করতে পারেনি দুদক।
হলফনামা অনুযায়ী, গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ২০০৮ সালে হলফনামায় জানান, তাঁর আয় ২৬ লাখ ২৫ হাজার টাকা। নির্ভরশীলদের কোনো আয় নেই। কিন্তু পাঁচ বছর পর তিনি ও নির্ভরশীলদের বার্ষিক আয় সাড়ে তিন কোটি টাকা। পাঁচ বছর আগে তাঁর সম্পদের মূল্য প্রায় সাড়ে ১০ লাখ টাকা। এখন তা প্রায় সাড়ে ১১ কোটি টাকা।
স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের স্ত্রী ইলা হকের সম্পদ ২০০৮ সাল থেকে এবার ৭৮২ শতাংশ বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ ১১০ শতাংশ বেড়েছে। ২০০৮ সালে এর মূল্য ছিল তিন কোটি ৬৯ লাখ ২০ হাজার ৬৮৪ টাকা। ২০১৩ সালে তা সাত কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৩৮৫ টাকা হয়েছে।
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান গত পাঁচ বছরে দুই হাজার ৮৪৫ একর জমি কিনেছেন। ২০০৮ সালে হলফনামায় মাত্র ২০ একর কৃষিজমির কথা জানান। এসব জমির সিংহভাগ পর্যটন এলাকা কুয়াকাটা ও এর আশপাশে। বর্তমানে এর বাজারদর তিন হাজার কোটি টাকার বেশি। ২০০৮ ও সাম্প্রতিক হলফনামা হিসেবে, গত পাঁচ বছরে ব্যাংকে জমা করা টাকা বেড়েছে ৫৮৬ দশমিক ৭৫ গুণ, জমি বেড়েছে ১৪৩ দশমিক ২৫ গুণ এবং বার্ষিক আয় বেড়েছে ৭৯ দশমিক ২৩ গুণ। তাঁর স্ত্রী প্রীতি হায়দারের নামে স্থায়ী আমানতে বিনিয়োগ বেড়েছে ৩ দশমিক ২২ গুণ।
আবদুর রহমান বদি ২০০৮ সালের নির্বাচনী ব্যয়ের জন্য স্ত্রী-ভাই-বোন ও নিজের কর্মচারীর কাছ থেকে আট লাখ টাকা ধার করেন। পরের পাঁচ বছরে তাঁর আয় বেড়েছে ৩৫১ গুণ। তাঁর বার্ষিক আয় এখন সাত কোটি ৩৯ লাখ ৩৯ হাজার ৮০৮ টাকা। ব্যয় দুই কোটি ৮১ লাখ ২৯ হাজার ৯২৮ টাকা। ২০০৮ সালে তাঁর বার্ষিক আয় দুই লাখ ১০ হাজার ৪৮০ টাকা ও ব্যয় দুই লাখ ১৮ হাজার ৭২৮ টাকা ছিল।
ক্ষমতার পাঁচ বছরে সাংসদ মো. আসলামুল হকের ঘোষিত সম্পত্তি (জমি) বেড়েছে ৩৪ গুণের বেশি। ২০০৮ সালের হলফনামায় তিনি ও তাঁর স্ত্রী মাকসুদা হক চার একর ১৯ দশমিক ৫ শতাংশ জমির মালিক, দাম ২০ লাখ ৬৯ হাজার ৫০০ টাকা। দশম সংসদ নির্বাচনে হলফনামায় বলেছেন, স্বামী-স্ত্রী মিলে ১৪৫ দশমিক ৬৭ একর (১৪ হাজার ৫৬৭ দশমিক ৫৪ শতাংশ) জমির মালিক, দাম এক কোটি ৯২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। এ ছাড়া আসলামুল হকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে জমি দখলের অভিযোগ রয়েছে। তিনি দশম সংসদ নির্বাচনে একই আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদও নির্বাচিত হয়েছেন।
সাংসদ এনামুল হক ২০০৮ সালে বেতন-ভাতা থেকে আয় করেন ২০ লাখ টাকা। পাঁচ বছর পরে এখন কৃষি, বাড়ি ও দোকানভাড়া, ব্যবসা ও পেশা থেকে বছরে তাঁর আয় ৫০ লাখ টাকা। পাঁচ বছর আগে তাঁর স্ত্রীর দুই কোটি ৮৯ লাখ ৬৩ হাজার টাকার অস্থাবর সম্পদ বেড়েছে আট কোটি ৩৪ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।