দুদকের তদন্ত দল যাবে, তাই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়ায় সাংসদের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির (টিআর) গম বরাদ্দে অনিয়মের অভিযোগ তদন্তে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত দলের আজ সোমবার সরেজমিন পটিয়া যাওয়ার কথা রয়েছে।দুদকের তদন্ত দলকে দেখানোর জন্য গতকাল রোববার একটি মসজিদের পুরোনো টিউবওয়েলের ওপর সাংসদের নামে ফলক দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রকৃতপক্ষে ওই নলকূপটি পটিয়া আল-জামেয়া মাদ্রাসা থেকে মসজিদকে দান করা হয় বলে জানা গেছে।প্রসঙ্গত, লাওয়ারখিল জামে মসজিদে একটি নলকূপ স্থাপনের জন্য সাংসদের ২০০৯-১০ অর্থবছরের টিআরের গম বরাদ্দ হয় বলে প্রশাসনিক কাগজপত্রে উল্লেখ করা হয়। কিন্তু মসজিদ কমিটি এ বরাদ্দ না পাওয়ায় তা নিয়ে বিভিন্ন দপ্তরে তাঁরা অভিযোগ করেন। এ নিয়ে গত ১১ নভেম্বর প্রথম আলোয় ‘টিআর বিতরণে ত্রিমুখী প্রতারণা’ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। পরে গত ২ জানুয়ারি দুদক থেকে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হয়।সাংসদ শামসুল হক চৌধুরীর নিজ এলাকা শোভনদণ্ডীর লাওয়ারখিল জামে মসজিদের নলকূপের পাশে পাথরখচিত ওই ফলক লাগানো হয়। স্থানীয় সূত্র জানায়, এর আগে গত শনিবার তা লাগাতে মসজিদ কমিটি ও এলাকাবাসী বাধা দেয়। পরে রোববার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহছানুল হক ও পুলিশের উপস্থিতিতে ফলক লাগানো হয়।ফলকে লেখা রয়েছে ‘শামসুল হক চৌধুরী এমপি প্রদত্ত টিআর প্রকল্প নলকূপ স্থাপন (২০০৯-১০) অর্থবছর।’লাওয়ারখিল জামে মসজিদের ইমাম রিজুয়ানুল কবির প্রথম আলোকে বলেন, ‘এ নলকূপটি আমি নিজে গিয়ে পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসা থেকে বরাদ্দ নিয়ে এনে এখানে স্থাপন করেছি। তাই আমরা বাধা দিয়েছিলাম।’এ প্রসঙ্গে জানতে চাইলে দুদক চট্টগ্রামের উপপরিচালক সৈয়দ ইকবাল হোসেন বলেন, ‘আগামীকাল (আজ) আমাদের সরেজমিনে যাওয়ার কথা রয়েছে। ফলক লাগানোর বিষয়টি শুনেছি। লাগালে তো হলো না। আমরা স্থানীয় লোকজন মসজিদ কমিটির সঙ্গে কথা বলব।’জানা যায়, শনিবার বিকেলে প্রথম দফায় ওই মসজিদের নলকূপে ফলক লাগানোর জন্য দুজন লোক যান। এ সময় মসজিদ কমিটি বাধা দিলে তারা ফিরে আসেন। পরে রাতে তা লাগানো হয়। এরপর সকালে স্থানীয় লোকজন তা সেখান থেকে তুলে ফেলে দেন।স্থানীয় লোকজন জানান, এরপর এ নিয়ে উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে রোববার বিকেলে ফলকটি লাগানো হয়।এ প্রসঙ্গে জানতে চাইলে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ সবুর বলেন, ‘সাংসদের নামে ফলক লাগাতে গেলে তা তুলে ফেলার অধিকার কারও নেই। তাই আমরা সেখানে গেছি। পরে ওই ফলকটি লাগিয়ে দেওয়া হয়।’এ প্রসঙ্গে বক্তব্য জানতে সাংসদকে ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি।