প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) যেসব দল কাজ করছে, তাদের সম্পর্কে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখছে দুদক। গতকাল বুধবার সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে দুদক সচিব ফয়জুর রহমান চৌধুরী এ তথ্য জানান। প্রাতিষ্ঠানিক দুর্নীতি রোধে সরকারি ও স্বায়ত্তশাসিত ১১টি প্রতিষ্ঠানে তিন বছর ধরে কাজ করছে দুদক। আর এসব প্রতিষ্ঠানে দুর্নীতির অনুসন্ধান ও তদন্তকাজ করতে গিয়ে দুদকের ওই সব কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) দুর্নীতির অনুসন্ধান করতে গিয়ে খোদ দুদকের একজন উপপরিচালকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত বিভাগ সূত্র জানায়, বিভিন্ন অভিযোগে নিজেদের ১১টি প্রাতিষ্ঠানিক দলের প্রধানকে ইতিমধ্যে নোটিশও দিয়েছে দুদক।সচিব ফয়জুর রহমান বলেন, যেসব খাতে দুদক কর্মকর্তারা কাজ করছেন, সেগুলোতে গিয়ে তাঁরা নিজেরা কোনো অনিয়ম করছেন বা করেছেন কি না এবং করে থাকলে কী কী অনিয়ম করছেন বা করেছেন, তা জানতে চেয়ে ওই সব প্রতিষ্ঠানেও চিঠি পাঠানো হয়েছে। একই সঙ্গে দুদকের যাঁর বা যাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, দুদক তাঁর বা তাঁদের কাছে ব্যাখ্যা চেয়েও নোটিশ দিয়েছে। উল্লেখ্য, সম্প্রতি ডিসিসির দুর্নীতি রোধে দুদক নতুন তদন্ত দল পুনর্গঠন করেছে। এ ছাড়া, হল-মার্ক কেলেঙ্কারির বিষয়ে সোনালী ব্যাংকের সাবেক পরিচালনা পর্ষদের সদস্যসহ মোট ৩১ জনের সম্পদ বিবরণী চেয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন দুদক সচিব। সম্পদ বিবরণীর হিসাব নির্দিষ্ট সময়ে জমা না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।সচিব বলেন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তথ্য-উপাত্ত সংগ্রহ করার প্রক্রিয়া চলমান থাকায় হল-মার্কের তদন্ত কার্যক্রম একটু ধীর। পদ্মা সেতু দুর্নীতির ষড়যন্ত্রের বিষয়ে কানাডার রয়েল মাউন্টেন্ড পুলিশের কাছ থেকে তথ্য পাচ্ছেন না।পাশাপাশি বিসমিল্লাহ গ্রুপের লেনদেনের তথ্য চেয়ে পাঁচ ব্যাংককে নোটিশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ব্যাংকগুলো হচ্ছে—জনতা ব্যাংক, প্রাইম ব্যাংক, যমুনা ব্যাংক, শাহ্জালাল ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংক।