দুদকের তলবি নোটিশ: যাচ্ছেন না ফিরোজ রশীদ

রাজধানীর ধানমন্ডিতে বাড়ি আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্য জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশীদকে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তলব করা হলেও তিনি যাচ্ছেন না। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার তাঁর বক্তব্য দুদকের কাছে পাঠাবেন বলে তিনি জানিয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০টায় দুদকে হাজির হতে ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদকে গত ১০ আগস্ট তলবি নোটিশ পাঠান দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী। এ বিষয়ে জানতে আজ বুধবার রাতে কাজী ফিরোজ রশীদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমি আমার বক্তব্য লিখিতভাবে দুদকের কাছে পাঠিয়ে দেব।’
দুদক সূত্র জানিয়েছে, রাজধানীর ধানমন্ডি ২ নম্বর রোডে অবস্থিত এক বিঘা আয়তনের পুরাতন ৭০ এবং নতুন ১০ নম্বর প্লটটি ভুয়া দাতা সাজিয়ে কাজী ফিরোজ রশীদ আত্মসাৎ করেছেন বলে দুদকের কাছে অভিযোগ আসে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে এ বছরের ৮ মার্চ অনুসন্ধান শুরু করে দুদক।
বাড়িটি তৎকালীন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলীর নামে। মোহাম্মদ আলীর ছেলে মাহমুদ আলীর তত্ত্বাবধানে বাড়িটি থাকা অবস্থায় তাঁর চাচাতো ভাইয়ের স্ত্রী সাফিয়া আলী নিজ দখলি সম্পত্তি দাবি করে জাল কাগজপত্র তৈরি করে কাজী ফিরোজ রশীদের কাছে হস্তান্তর করেন বলে অভিযোগ আসে।
অন্যদিকে কাজী ফিরোজ রশীদের দাবি, ওই বাড়ির মালিকানা তিনি আইনি প্রক্রিয়ায় পেয়েছেন। এখানে জালিয়াতির কোনো সুযোগ নেই। পাশাপাশি এ বিষয়টি এখনো আদালতে বিচারাধীন।