দুদকের তলবে হাজির হননি ওশান গ্রুপের এমডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও হাজির হননি ওশান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার আলী আজম বাবলা। এ বিষয়ে আবারও তাঁকে তলবি নোটিশ পাঠাবে দুদক। 

দুদক সূত্র জানায়, মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের জন্য ১১ আগস্ট দুদকে হাজির হতে আলী আজমকে তলবি নোটিশ পাঠানো হলে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সময় নেন। পরে আজ ২৩ আগস্ট তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য সময় দেওয়া হয়। এবারও তিনি হাজির হননি। অনুসন্ধান সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদের জন্য তলব করে তাঁকে আবারও নোটিশ পাঠানো হবে।
জালিয়াতির অভিযোগে বাবলার বিরুদ্ধে গত ৮ জুলাই কোতোয়ালি থানায় মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক সরদার মঞ্জুর আহম্মদ। তিনিই মামলাটি তদন্ত করছেন।
মামলার এজাহারে বলা হয়েছে, দৈনিক স্বাধীন মত নামের একটি পত্রিকার মালিকানা ছিল মো. আসাদুজ্জামানের। ওশান গ্রুপের এমডি আলী আজমের নামে এর মালিকানা হস্তান্তর করতে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করা হয় ২০০১ সালে। আবেদনের পরিপ্রেক্ষিতে মালিকানা হস্তান্তর করা হয় ২০০৩ সালে। পত্রিকাটি বর্তমানে রাজধানীর বনানী থেকে প্রকাশ করা হচ্ছে।
দুদক সূত্র জানায়, মালিকানা হস্তান্তরের আবেদনের সঙ্গে আলী আজমের শিক্ষাগত যোগ্যতার সনদ ও মুক্তিযোদ্ধা সনদ জমা দেওয়া হয়েছিল। তবে দুদকের অনুসন্ধানে এসব সনদ ভুয়া বলে প্রমাণ হয়। তাই তাঁর বিরুদ্ধে দণ্ডবিধির ৪৬৭,৪৬৮, ৪৭১ ও ৪২০ ধারায় মামলা করা হয়েছে।
সূত্রটি জানিয়েছে, কমিশনের অনুসন্ধানের সময় খন্দকার আলী আজম জানান, তিনি ১৯৭৪ সালে চুয়াডাঙ্গার ভি জে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে অধ্যয়নরত ছিলেন। ১৯৭৫ থেকে ১৯৭৭ সালের মধ্যে খন্দকার আলী আজম বাবলা এসএসসি পাস করেছেন কিনা-জানতে চাইলে ওই বিদ্যালয় থেকে তিনি পাস করেননি বলে দুদকে লিখিত জানানো হয়।
একই ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে খন্দকার আলী আজম বাবলা নামে কোনো শিক্ষার্থী অংশগ্রহণ করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেনি মর্মে দুদকে লিখিত জানানো হয়।
‘দৈনিক স্বাধীন মত’ পত্রিকার সম্পাদক ও প্রকাশকের ঘোষণাপত্র পাওয়ার আবেদনের সঙ্গে এসএসসি, এইচএসসি ও স্নাতকোত্তর পাসের সার্টিফিকেট জমা না দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের পিএইচডি ডিগ্রির সনদ ও একটি মুক্তিযোদ্ধা সনদ জমা দেন।
দুদক সূত্র জানায়, খন্দকার আলী আজম বাবলার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আলাদাভাবে অনুসন্ধান চলছে। তাঁর সম্পদের হিসাব চেয়ে এরই মধ্যে তাঁর কাছে নোটিশ পাঠানো হয়েছে।