দুদকের দাখিল করা প্রতিবেদন গ্রহণের ওপর শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, তাঁর ভাতিজা সীতাকুণ্ড থেকে নির্বাচিত সাংসদ দিদারুল আলমসহ ১০ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের ওপর শুনানি হয়নি। গতকাল বুধবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।
দুদকের কৌঁসুলি মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, মেয়র মন্জুর আলমসহ তাঁর ভাতিজা ও ভাইদের বিরুদ্ধে তাঁদের এক ভাড়াটের করা দুর্নীতির মামলার ব্যাপারে বাদী ও আসামিদের মধ্যে আপস মীমাংসা হলেও তা আপসযোগ্য নয়। দুর্নীতি প্রতিরোধ আইনের মামলা আপসযোগ্য নয়। বুধবার ওই প্রতিবেদন গ্রহণের ওপর শুনানির দিন ধার্য থাকলেও শুনানি না হওয়ায় বিচারক পরবর্তী দিন ধার্য করেছেন। এ ছাড়া মামলার বাদীও আদালতে দুটি আবেদন করেছেন। সেগুলোর ওপর ধার্য দিনে শুনানি হবে।
মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক যতন কুমার রায় গত ১৬ জানুয়ারি আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, ‘মামলার বাদী মীর ইফতেখার উদ্দিন ও বিবাদীদের মধ্যে আপস মীমাংসা হয়। বাদী আদালত থেকে মামলা প্রত্যাহার করে নেন। তিনি ও সাক্ষীরা সাক্ষ্য দেবেন না বলে আদালতকে জানান। তাই বিবাদীদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করা সম্ভব হবে না বিধায় মামলায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে আসামিদের মামলার দায় থেকে অব্যাহতি প্রদানের সুপারিশ করা হলো।’
২০১১ সালে মেয়র মন্জুর আলমের ভাড়াটে মীর ইফতেখার উদ্দিন মেয়র, তাঁর বড় ভাই, ছেলে, ভাতিজাসহ ১০ জনের বিরুদ্ধে ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা সহযোগে দণ্ডবিধির ১০৯ ধারায় মহানগর দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। পরে আদালত দুদককে তদন্তের নির্দেশ দেন। বাদী অভিযোগে উল্লেখ করেন, মেয়র মন্জুর সরকারি ক্ষমতার অপব্যবহার এবং অপর আসামিরা পরস্পর যোগসাজশে ও প্ররোচনায় দুদক আইনে গুরুতর অপরাধ করেছেন।
মামলার তদন্ত চলাকালে বাদী গত বছরের ২৬ জুন মামলার বিষয়টি মীমাংসা করে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন জানান। তাতে উল্লেখ করেন, তিনি এবং তাঁর সাক্ষীরা সাক্ষ্য দেবেন না।
তদন্ত প্রতিবেদনে দুদক কর্মকর্তা উল্লেখ করেন, মামলার আরজিতে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের (ঘটনার সময়) নির্দেশে ও উপস্থিতিতে ক্ষমতার অপব্যবহার করা হয়েছে বলা হলেও সুনির্দিষ্ট কোনো দালিলিক প্রমাণ উল্লেখ করা হয়নি। এ ছাড়া তদন্তকালে ক্ষমতার অপব্যবহারসংক্রান্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি। মামলার অপর আসামিদের বিরুদ্ধেও তদন্তে কোনো অভিযোগ প্রমাণ করা যায়নি।
প্রসঙ্গত, মামলার এজাহারে বলা হয়, ২০০৩ সালের ২৮ ডিসেম্বর মেয়রের পারিবারিক প্রতিষ্ঠান মোস্তফা হাকিম রিয়েল এস্টেট অ্যান্ড ট্রেডিং করপোরেশনের মালিকানাধীন একটি ভবনের প্রথম থেকে তৃতীয় তলা ২০০৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত ভাড়া দেওয়ার ব্যাপারে এস এ এপারেলসের ব্যবস্থাপনা পরিচালক মীর ইফতেখার উদ্দিনের সঙ্গে চুক্তি হয়। বাদী আরজিতে উল্লেখ করেন, ২০০৫ সালের ৩১ আগস্ট ভারপ্রাপ্ত মেয়র থাকাকালে মন্জুর আলম ক্ষমতার অপব্যবহার করে তাঁকে ভয়ভীতি দেখিয়ে সারা দিন আটকে রাখেন। জোর করে ভাড়া বাবদ ১২ লাখ ৫৪ হাজার টাকা আদায় ও পরে ষড়যন্ত্রমূলকভাবে ডবলমুরিং থানায় মামলা করেন। কারা ভোগের পর তিনি জামিনে মুক্তি পান।