দুদকের দুই কর্মকর্তাকে শোকজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভয় দেখিয়ে ৩৭ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন৷
এই দুই কর্মকর্তা হলেন বগুড়া দুদকের সমন্বিত কার্যালয়ের উপপরিচালক জাহিদ হোসেন ও প্রধান কার্যালয়ের উপপরিচালক গোলাম মোস্তফা৷
গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহাবুদ্দীন৷ তিনি বলেন, ভয়-ভীতি দেখিয়ে গুলশানের এক ব্যবসায়ী মোবারক হোসেনের কাছ থেকে ৩৭ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ওই দুই উপপরিচালককে ইতিমধ্যে ‘শোকজ’ করা হয়েছে৷ আগামী সাত দিনের মধ্যে তাঁদের জবাব দিতে হবে৷
শাহাবুদ্দীন আরও বলেন, দুর্নীতি দমন কমিশন কর্মচারী চাকরি বিধিমালা ২০০৮ অনুযায়ী তাঁদের আত্মপক্ষ সমর্থন করে অভিযোগ বিষয়ে প্রমাণসহ জবাব দিতে বলা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দুদক সূত্র জানায়, ওই দুই উপপরিচালক মোবারক হোসেনের নামে একটি বেনামি ও ভুয়া ‘অবৈধ সম্পদ অর্জনের’ অভিযোগ তৈরি করে। পরে সেই অভিযোগের ভয় দেখিয়ে তাঁরা তাঁর কাছ থেকে একটি দামি ক্যামেরা ও নগদ অর্থ মিলিয়ে মোট ৩৭ লাখ টাকা নেন৷ এ ছাড়া আরও ২০ লাখ টাকা ওই ব্যবসায়ীর কাছে দাবি করেছিলেন তাঁরা।