দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ শুরু ২৬ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৬ মার্চ থেকে ১ এপ্রিল দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবারের প্রতিপাদ্য ‘দুর্নীতি হলে শেষ—নিজে বাঁচব, বাঁচবে দেশ’।
উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য গতকাল বুধবার জানিয়েছেন, সপ্তাহটি পালন উপলক্ষে ইতিমধ্যে কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, ২৬ মার্চ সকাল আটটায় কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। পরে কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করবেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত থাকবে। ২৭ মার্চ দুদকের সততা সংঘের সদস্যদের সমাবেশ ও দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ; ২৮ মার্চ ঢাকায় সকালে দুদকের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন হবে।