দুদকের দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২৬ মার্চ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারের মতো এবারও ২৬ মার্চ থেকে ১ এপ্রিল দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উদ্‌যাপন করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এবারের প্রতিরোধ সপ্তাহের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘দুর্নীতি হলে শেষ—নিজে বাঁচব, বাঁচবে দেশ’। 

এ-সংক্রান্ত সব কর্মসূচি চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থার উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য।
তিনি জানান, এ বিষয়ে আজ সকালে কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে এক বৈঠক হয়। বৈঠকে দুদক চেয়ারম্যান বলেন, আর্থসামাজিক মুক্তির জন্য দুর্নীতির বিরুদ্ধে চলমান সংগ্রামে দেশের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। কমিশন এ ক্ষেত্রে প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। তিনি দেশব্যাপী বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতি বৃদ্ধির অনুরোধ জানিয়ে বলেন, সাধারণ মানুষ সম্পৃক্ত থাকলে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।
ইকবাল মাহমুদ বলেন, কমিশনের ১ হাজার ৭৩ জন জনবল দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা সত্যিই কঠিন। কমিশন প্রত্যাশা করে, দেশের প্রতিটি নাগরিক নিজ নিজ স্থান থেকে দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখবেন। প্রতিরোধ সপ্তাহের প্রতিটি অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের ওপর তাগিদ দেন তিনি।
দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের সাত দিনের কর্মসূচির মধ্যে রয়েছে
২৬ মার্চ সকাল আটটায় কমিশনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, দুই কমিশনার নাসিরউদ্দীন আহমেদ, এ এফ এম আমিনুল ইসলাম এবং কমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে শান্তির প্রতীক পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিরোধ সপ্তাহের উদ্বোধন করবেন। সেখানে কমিশনের চেয়ারম্যান গণমাধ্যমকর্মীদের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের তাৎপর্য, উদ্দেশ্য সর্বোপরি দুর্নীতি দমন ও প্রতিরোধে বিগত দিনের কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মকৌশল দেশের সম্মানিত নাগরিকদের জানাবেন। পরে কমিশনের প্রধান কার্যালয়ের মিডিয়া সেন্টারে দুর্নীতিবিরোধী ব্যঙ্গাত্মক কার্টুন ও পোস্টার প্রদর্শনীর উদ্বোধন করবেন দুদক চেয়ারম্যান। ২৬ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত এই প্রদর্শনী সর্বসাধারণের জন্য সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উন্মুক্ত থাকবে।
২৭ মার্চ কমিশনের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের নিয়ে গঠিত সততা সংঘের সদস্যদের নিয়ে সমাবেশ ও দুর্নীতিবিরোধী শপথগ্রহণ অনুষ্ঠান হবে ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
২৮ মার্চ কমিশনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় দাঁড়িয়ে দুর্নীতিবিরোধী মানববন্ধনের নেতৃত্ব দেবেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। একই দিন বেলা তিনটায় দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও সৃজনশীল প্রতিরোধমূলক প্রতিবেদনের ভিত্তিতে দুদক মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৬ বিতরণ করা হবে। কমিশনের প্রধান কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠেয় এ অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২৯ মার্চ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে শ্রেষ্ঠ মহানগর, জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের পুরস্কৃত করবে দুর্নীতি দমন কমিশন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
৩০ মার্চ সকাল সাড়ে ১০টায় কমিশনের সম্মেলনকক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে সমন্বিত প্রয়াস’ শীর্ষক সেমিনার হবে। সেমিনারে রাজনীতিবিদ, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, এনজিও প্রতিনিধি, উন্নয়ন সহযোগী সংস্থা, নাগরিক সমাজের প্রতিনিধিসহ রাষ্ট্রের অনেক গুরুত্বপূর্ণ নাগরিকদের আমন্ত্রণ জানানো হয়েছে।
৩১ মার্চ শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের সব মসজিদের খতিবরা জুমার নামাজের আগে আলোচনায় দুর্নীতিবিরোধী বক্তব্য দেবেন বলে কমিশন প্রত্যাশা করছে।
১ এপ্রিল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের নিয়ে বিতর্ক, রচনা, পোস্টার অঙ্কন ও কার্টুন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করবে দুর্নীতি দমন কমিশন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ ছাড়া কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের প্রতিটি জেলা, উপজেলা, নগর ও মহানগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ পালন করা হবে।
প্রসঙ্গত, ১৬ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগের এক চিঠির মাধ্যমে দেশের সব জেলা প্রশাসকদের ‘দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ’ পালন উপলক্ষে মাঠপর্যায়ে গৃহীত কর্মসূচি সফল বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করার নির্দেশনা দেওয়া হয়েছে।