দুদকের নজরদারি পাঁচ প্রতিষ্ঠানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি খুঁজে বের করতে রাজধানীর পাঁচটি সরকারি প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ে নজরদারি শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত আগস্ট মাস থেকে তাদের এই কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানগুলো হলো রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
দুদকের সচিব আবু মোহাম্মদ মোস্তফা কামাল প্রথম আলোকে বলেন, দুর্নীতি বন্ধ করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কারণ, দুর্নীতির ফাঁকফোকর বন্ধ হলে প্রাতিষ্ঠানিক দুর্নীতি অনেকাংশেই কমে যাবে। দুদক প্রথম পর্যায়ে কেবল প্রতিষ্ঠানগুলোর বিদ্যমান আইন এবং কর্মপদ্ধতি পরীক্ষা করছে এসব আইনের ফাঁক গলে কোনো দুর্নীতি হচ্ছে কি না, তা পরীক্ষা করার জন্য। প্রথম পদক্ষেপ সফল হলে আরও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দল পাঠানো হবে।
দুদক সূত্র জানায়, প্রতিটি প্রতিষ্ঠানে একজন পরিচালকের নেতৃত্বে তিন সদস্যের একটি করে দল কাজ করবে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও দুর্নীতি খুঁজে বের করবে। এর আগে ২০১২ সালে সরকারের ১১টি প্রতিষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে ১১ জন উপপরিচালকের নেতৃত্বে ১১টি দল গঠন করা হয়েছিল। কিন্তু দলগুলো দুর্নীতি কমাতে ব্যর্থ হয়। এরপর গত বছরের মাঝামাঝি দুজন উপপরিচালকের নেতৃত্বে দুটি টাস্কফোর্স গঠন করা হয়। কিন্তু সেটিও সফল হয়নি।
সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, দলগুলো প্রথম দিকে অধিদপ্তরের অফিসে বসে কাজ করলেও এখন কাগজপত্র নিয়ে দুদক কার্যালয়ে চলে যাচ্ছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে কাজ করছেন দুদকের পরিচালক মীর জয়নুল আবেদীন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আইনের কোথায় গলদ আছে, তা আমরা খুঁজে দেখছি। কর্মপদ্ধতি ঠিক হলে দুর্নীতির সুযোগ কমে আসবে।’
তবে অন্য একটি সূত্র জানায়, সম্প্রতি শাস্তিমূলক বদলি হওয়া শিক্ষা ভবনের ছয় কর্মকর্তার নথি তলব করেছে দুদক। গত ১৭ আগস্ট দুদক থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো চিঠিতে অভিযুক্ত ছয় ব্যক্তির চাকরিসংক্রান্ত যাবতীয় নথি চাওয়া হয়। অভিযুক্ত ছয়জন কে কোথা থেকে, কবে, কীভাবে অধিদপ্তরে পদায়ন পেয়েছেন, কী কী কাজ করেছেন, তাঁদের বিরুদ্ধে কোন কোন অভিযোগের তদন্ত হয়েছে ইত্যাদি বিষয় খতিয়ে দেখছে তারা। এই ছয় কর্মকর্তা হলেন এস এম বশীরউল্লাহ, মোহাম্মদ হাবিবুর রহমান, এ টি এম আল ফাত্তাহ, ড. আনোয়ার হোসেন, শারমিন সুলতানা ও মোহাম্মদ তাজিবউদ্দিন। এ ছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও তারা দেখছে।
এ বিষয়ে জানতে চেয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালার মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।
দুদক সূত্র জানায়, পরিচালক এ কে এম জায়েদ হোসেনের নেতৃত্বাধীন দল স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয়, পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বাধীন দল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), পরিচালক মঞ্জুর আহমদের নেতৃত্বাধীন দল জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ, পরিচালক খন্দকার এনামুল বাছিরের নেতৃত্বাধীন দলটি ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর এবং পরিচালক মীর জয়নুল আবেদীনের নেতৃত্বাধীন দলটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করছে।
দুদকের এক পরিচালক বলেন, একটি প্রতিষ্ঠানে জনগণকে যে পরিমাণ ভোগান্তির শিকার হতে হয়, তা অবিশ্বাস্য। টাকা না দিলে কোনো কাজই হয় না সেখানে। দুদকের কার্যক্রম সম্পর্কে জানতে চাইলে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান বলেন, ‘দুদকের এ দল মূলত আইন নিয়ে কাজ করছে। তারা আগে অফিসে বসত, এখন বসে না। তবে তারা আমাদের কাছে যখন যা চাইবে, আমরা অবশ্যই তা দিয়ে সহযোগিতা করব।’ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক শেখ আবদুল আহাদ বলেন, ‘দুদকের এই দল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে।’