দুদকের নামে চাঁদাবাজি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা-কর্মচারীর ভুয়া পরিচয় দিয়ে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির কাছে অর্থ দাবি করছে একটি সংঘবদ্ধচক্র। সম্প্রতি এরকম একটি খবর পেয়ে উদ্বিগ্ন দুদকের পক্ষ থেকে প্রথম আলো অফিসে জনসংযোগ কর্মকর্তার স্বাক্ষরসংবলিত একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দুদক একটি বিধিবদ্ধ সংস্থা। কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের একক অভিপ্রায়ে অর্থাৎ কমিশনের সিদ্ধান্ত ছাড়া দুদকের তফশিলভুক্ত কোনো অভিযোগ থেকে অব্যাহতি পাওয়ার অথবা অভিযুক্ত পরিগণিত হওয়ার কোনো সুযোগ নেই। দুদকে কোনো অভিযোগ অনুসন্ধান বা তদন্তের জন্য গৃহীত হলে সংশ্লিষ্ট অনুসন্ধানকারী বা তদন্তকারী কর্মকর্তা দুদকের আইন ও বিধির অনুসরণে লিখিতভাবে অভিযুক্ত ব্যক্তিকে অবহিত করে থাকেন। টেলিফোনে যোগাযোগ করে অভিযুক্তকে কোনো প্রস্তাব পেশের আইনগত কোনো সুযোগ নেই।এ অবস্থায় কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ দুদকের নামে চাঁদা অথবা অর্থ দাবি করলে দুদকের নিকটস্থ কার্যালয়ে অথবা প্রধান কার্যালয়ে যোগাযোগ করতে এবং নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার অফিসে অভিযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া এমন প্রতারক চক্রের সঙ্গে কোনো আর্থিক লেনদেন না করতে অনুরোধ করা হয়েছে। দুদকের কর্মকর্তা বা কর্মচারীর প্রকৃত পরিচয় নিশ্চিত হওয়ার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্র দেখে নিশ্চিত হওয়ার পাশাপাশি নিম্নোক্ত টেলিফোন নম্বরে যোগাযোগ করার পরামর্শও দিয়েছে দুদক। পরিচালক (পর্যবেক্ষণ ও মূল্যায়ন) টেলিফোন ৯৩৫২৫৫২, মোবাইল ০১৭১৩০৯৫০৩২। বিজ্ঞপ্তি।