দুদকের নয়জনের মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের সিদ্ধান্ত
দুর্নীতি দমন কমিশন (দুদক) নিজ সংস্থার নয়জন কর্মকর্তা-কর্মচারীর মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। তাঁদের মধ্যে একজন মহাপরিচালক ও দুজন পরিচালক রয়েছেন। গত মঙ্গলবার কমিশনের মাসিক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় এই সনদ যাচাইয়ের জন্য দুদকের উপপরিচালক জুলফিকার আলী ও সহকারী পরিচালক রফিকুল ইসলামের সমন্বয়ে দুই সদস্যের কমিটি করা হয়।
সম্প্রতি চার সচিবসহ পাঁচজনের মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগ অনুসন্ধান করেন জুলফিকার আলী। তাঁর অনুসন্ধান প্রতিবেদনের পর তাঁদের চারজনের সনদ বাতিল ও একজনের সনদ স্থগিত করা হয়।
দুদক সূত্র জানায়, দুদকে মুক্তিযোদ্ধা সনদ নেওয়ার তালিকায় রয়েছেন সংস্থার আইন শাখার মহাপরিচালক কামরুল হোসেন মোল্লা, পরিচালক গোলাম ইয়াহিয়া, আবদুল আজিজ ভূঁইয়া, উপপরিচালক ঢালী আবদুস সামাদ, এস এম গোলাম মাওলা সিদ্দিকী, সাবেক উপপরিচালক রঞ্জন কুমার মজুমদার, সহকারী পরিদর্শক আবদুস সোবহান, কোর্ট সহকারী (এএসআই) নুরুল ইসলাম ও ইসহাক ফকির। তাঁদের মধ্যে পরিচালক গোলাম ইয়াহিয়ার চাকরির স্বাভাবিক বয়সসীমা শেষ হয়ে গেছে। মুক্তিযোদ্ধা হিসেবে সরকারের দেওয়া সুবিধা অনুযায়ী এখন অতিরিক্ত এক বছর মেয়াদে চাকরি করছেন।
দুদকের কমিশনার মো. শাহাবুদ্দিন বলেন, ‘আমরা অন্যদের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে অনুসন্ধান করেছি। নৈতিকতার দিক থেকে আমাদের ওপরও দায় বর্তায়, কর্মকর্তা-কর্মচারীদের সনদ ঠিক কি না, তা যাচাই করা।’