এখন থেকে দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সব পদক্ষেপ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান মো. বদিউজ্জামান। তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় দুদক কাউকে ছাড় দেয় না, এটাই এখন প্রকাশ্যে জানানো হবে।
গতকাল রোববার দুপুরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ-২০১৪ উপলক্ষে দুদকের শোভাযাত্রা ও মানববন্ধন শেষে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ের সামনে বদিউজ্জামান সাংবাদিকদের এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদকের চেয়ারম্যান বলেন, ‘দুদকের যেসব ব্যর্থতা আছে তা খতিয়ে দেখা হচ্ছে। এসব সমস্যা চিহ্নিত করে তা থেকে উত্তরণের চেষ্টা করছি।’ তিনি আরও বলেন, ‘অতীতে ক্ষমতাসীনদের বিরুদ্ধে অভিযান দেখা যায়নি। বর্তমানে কয়েকজন সাবেক মন্ত্রী ও বর্তমান সাংসদদের দুর্নীতির অনুসন্ধান করছি। কারও বিরুদ্ধে দুর্নীতির সংশ্লিষ্টতা মিললে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।’
দুদকের কমিশনার (তদন্ত) সাহাবুদ্দিন বলেন, দুদক কাউকে রাজনৈতিকভাবে বিবেচনা করে না।
প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে গতকাল দুদকের প্রধান কার্যালয় থেকে শোভাযাত্রা শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পল্টন ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে মানববন্ধন করে। এতে দুদকের সব স্তরের কর্মকর্তা-কর্মচারী, রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র্যাক) নেতারাও অংশ নেন।