দুদকের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর প্রস্তাবিত সংশোধনীগুলো পুনর্বিবেচনা এবং দুদকের পূর্ণ স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিতকরণের দাবিতে গতকাল মঙ্গলবার ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) কর্মীরা এই মানববন্ধন করেন।এতে সুশাসনের জন্য নাগরিক (সুজন), স্বচ্ছতার জন্য নাগরিকসহ (স্বজন) বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে নেতৃত্ব দেন টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান। উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, সুজনের সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার ও গণমাধ্যম ব্যক্তিত্ব মুহাম্মদ জাহাঙ্গীর।মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা দুদককে সরকার ও রাজনৈতিক প্রভাবমুক্ত স্বাধীন, নিরপেক্ষ প্রতিষ্ঠানে পরিণত করার দাবি জানান। প্রস্তাবিত সংশোধনী বাতিলের দাবিতে জনমত গঠনে সংগ্রহ করা হয় গণস্বাক্ষর।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: ফরিদপুর: সকাল ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে মানববন্ধনের সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন ফরিদপুর সনাকের আহ্বায়ক আলতাফ হোসেন। উপস্থিত ছিলেন ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সির আজহারুল ইসলাম, মহিলা পরিষদের শিপ্রা রায়, পথকলির বেলায়েত হোসেন, সোসাইটি ডেভেলপমেন্ট কমিটির কাজী আশরাফুল হাসান প্রমুখ।মাদারীপুর: শহরের স্বাধীনতা অঙ্গনে সকাল নয়টার দিকে মানববন্ধন হয়। উপস্থিত ছিলেন সনাক সদস্য ও ইয়েস কমিটির আহ্বায়ক রাজন মাহমুদ, সনাক সদস্য শাহানা শৈলী, এনায়েত হোসেন, হেদায়েত হোসেন হাওলাদার, স্বচ্ছতার জন্য নাগরিকের (স্বজন) সদস্য কুমার লাভলু, জেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা আকন্দ প্রমুখ।মুন্সিগঞ্জ: আধা ঘণ্টাব্যাপী মানববন্ধন বিকেল সাড়ে চারটায় শুরু হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাক মুন্সিগঞ্জের যুগ্ম আহ্বায়ক তানভীর হাসান ও নাসিমা আক্তার, সনাকের সদস্য আখতার হোসেন, হুমায়ুন কবির, জাহাঙ্গীর হোসেন, স্বজনের সদস্য আলী আকবর, জাহিদুল হাদী, মনোয়ার হাসিনুল আলম প্রমুখ।গোয়ালন্দ (রাজবাড়ী): সকাল সাড়ে নয়টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধনের সময় বক্তব্য দেন সনাকের রাজবাড়ী শাখার আহ্বায়ক শংকর চন্দ্র সিনহা, সদস্য নিতাই চন্দ্র বসাক, উদীচী শিল্পীগোষ্ঠী রাজবাড়ী শাখার সভাপতি সুনীল কুমার বিশ্বাস প্রমুখ।বাগেরহাট: শহরের সাধনা মোড়ে সকাল সাড়ে নয়টার দিকে মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাকের আহ্বায়ক চৌধুরী আবদুর রব, যুগ্ম আহ্বায়ক শিল্পী সমাদ্দার, সদস্য জাহাঙ্গীর আলী, এ বি এম মোশাররফ হোসেন ও রিজিয়া পারভীন, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি মোজাফফর হোসেন, স্বচ্ছতার জন্য নাগরিকের (স্বজন) সদস্য সালেহ আহমেদ, মহিলা পরিষদের জেলা সভাপতি ফরিদা রহমান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কার্তিক চন্দ্র পাল প্রমুখ।পিরোজপুর: জনপ্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, সাংবাদিক ও উন্নয়নকর্মীরা সকাল সাড়ে নয়টার দিকে শহরের ক্লাব রোডে মানববন্ধনে অংশ নেয়।সুনামগঞ্জ: শহরের শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সুনামগঞ্জ সনাকের আহ্বায়ক শিক্ষাবিদ পরিমল কান্তি দে, উপদেষ্টা শিক্ষাবিদ মাসয়ূদুল হাসান, যুগ্ম আহ্বায়ক আইনুল আসলাম ও রুনা শাহীন আরা লেইছ, মহিলা পরিষদ সভানেত্রী শীলা রায়, শিক্ষক যোগেশ্বর দাস প্রমুখ।কিশোরগঞ্জ: বিকেলে শহরের রংমহল সিনেমা হল চত্বরে বিশাল মানববন্ধন ও আলোচনা সভা হয়। আলোচনা করেন রফিকুল ইসলাম খান, সনাক জেলা আহ্বায়ক মায়া ভৌমিক, সুজনের আহ্বায়ক অশোক সরকার, দীপিকা দাস, জুলহাস উদ্দিন সরকার প্রমুখ।